Apan Desh | আপন দেশ

তামিম ইকবালকে আজীবন সদস্যপদ দিল এমসিসি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:১২, ২৯ জুন ২০২৬

আপডেট: ১১:১৭, ২৯ জুন ২০২৬

তামিম ইকবালকে আজীবন সদস্যপদ দিল এমসিসি

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেটের আরেকটি গৌরবময় অধ্যায়ের সাক্ষী হলেন তামিম ইকবাল। দেশের সাবেক অধিনায়ক এবং বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিমকে আজীবন সম্মানসূচক সদস্যপদ প্রদান করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

স্থানীয় সময় রোববার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে এমসিসি। তামিমের সঙ্গে একই সম্মান পেয়েছেন নিউজিল্যান্ড নারী দলের কিংবদন্তি সুজি বেটস ও সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মেল জোন্স এবং ভারতের অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা।

এর আগে ২০২৩ সালে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এ সম্মান পেয়েছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়া বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক রইসউদ্দিন আহমেদও এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ লাভ করেছিলেন।

তামিমকে নিয়ে এমসিসি তাদের বিবৃতিতে জানায়, বাংলাদেশ থেকে অল্প কয়েকজনই এ সম্মান অর্জন করেছেন। তামিম দেশের অন্যতম সেরা ও সবচেয়ে উদযাপিত ক্রিকেটার।

২০০৮ সালে টেস্ট অভিষেকের পর থেকে তামিম ৫ হাজারেরও বেশি টেস্ট রান করেছেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। এছাড়া বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ক্রিকেটারের একজন তিনি, যাদের নাম লর্ডসের অনার্স বোর্ডে জায়গা করে নিয়েছে। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সেঞ্চুরি করে এ কীর্তি গড়েছিলেন বাঁহাতি ওপেনার।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

বর্তমানে তামিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিসিবির সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসিকে ক্রিকেট আইনের অভিভাবক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। ঐতিহ্যবাহী এ ক্লাবের বর্তমানে প্রায় ১৮ হাজার ৩৫০ জন পূর্ণ সদস্য এবং ৬ হাজার সহযোগী সদস্য রয়েছেন।

এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রব লসন বলেন, পাঁচজন অসাধারণ ক্রিকেটারকে আমাদের নতুন সম্মানসূচক আজীবন সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ক্রিকেটের প্রতি তাদের আজীবনের নিবেদন এ স্বীকৃতির সম্পূর্ণ যোগ্য। ভবিষ্যতে লর্ডসে এমসিসির সদস্য হিসেবে তাদের স্বাগত জানানোর অপেক্ষায় আছি।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement