ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সমর্থন কম। এক জরিপে দেখা গেছে, দেশটির মাত্র ৩১ শতাংশ মানুষ এই যুদ্ধের পক্ষে মত দিয়েছেন।
অন্যদিকে, অধিকাংশ মানুষই এমন সামরিক সংঘাতের বিষয়ে উদ্বেগ ও বিরোধিতা প্রকাশ করেছেন।
যুদ্ধের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মার্কিন জনমতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
রয়টার্স ও ইপসোসের এক নতুন জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে আরও দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থনও তার প্রেসিডেন্সির সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি রয়েছে। বর্তমানে তার অনুমোদনের হার ৩২ শতাংশ।
এর আগে গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ট্রাম্পের জনসমর্থন নেমে এসেছিল ৩১ শতাংশে, যা তার প্রেসিডেন্সির সর্বনিম্ন রেকর্ড।
জরিপের ফলাফল বলছে, ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব এবং ক্রমবর্ধমান ব্যয় মার্কিন জনগণের মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে। যুদ্ধের প্রতি সীমিত সমর্থনের পাশাপাশি ট্রাম্পের জনসমর্থনও নিম্নমুখী অবস্থানে রয়েছে।
এদিকে, ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেবে না বলে আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
তিনি বলেছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ১০ বা ১৫ বছর, এমনকি দুই বছরও চলবে না।
আরও পড়ুন <> মজুরির আন্দোলনে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ফের উত্তাল শিল্পাঞ্চল
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। তবে এ হুমকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না ওয়াশিংটন।
তিনি বলেন, আমরা এটিকে ১০ বা ১৫ বছরের প্রতিশ্রুতিতে পরিণত হতে দেব না। সত্যি বলতে, দুই বছরের জন্যও নয়।
ভ্যান্স আরও বলেন, আমরা সেখানে চিরকাল থাকব না। আমরা এমন প্রতিশ্রুতিই দিয়েছিলাম। প্রেসিডেন্ট এই পরিস্থিতি থেকে যুক্তরাষ্ট্রকে ভালো ফলাফল নিয়ে বের করে আনবেন বলে আমার পূর্ণ আস্থা রয়েছে।
ভ্যান্সের এ বক্তব্যে ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সামরিক সম্পৃক্ততা এড়ানোর অবস্থান স্পষ্ট হয়েছে। একই সঙ্গে যুদ্ধের সমাপ্তি নিয়ে ট্রাম্পের ওপর আস্থার কথাও জানিয়েছেন তিনি।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































