ছবি: আপন দেশ
জুলাই অভ্যুত্থান দমাতে ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের এক বছর পূর্ণ হয়েছে। তবে রায় কার্যকরের আইনি প্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনো রয়েছে নানা অপেক্ষা।
এদিকে, মামলার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির অপেক্ষায় রয়েছে রাষ্ট্রপক্ষ।
২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়।
চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে ভারতে অবস্থান করায় নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ পাননি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
তবে একটি অভিযোগে তাকে দেয়া আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার জন্য আপিল করেছে রাষ্ট্রপক্ষ। তবে শুনানি কবে হবে, তার আভাস মেলেনি।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১ (৪) ধারা অনুসারে আপিল দায়েরের ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বিধান রয়েছে। আমি মনে করি আইনের এই বিধান মানা উচিত। প্রসিকিউশনের আপিলটি আপিল বিভাগের কার্যতালিকায় আসলেও শুনানি হচ্ছে না।
একই রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়। মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটিই ছিল প্রথম রায়।
রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে থাকা সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
অন্যদিকে, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়েও কোনো সুরাহা হয়নি। তিনি পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেও সরকার তাতে রাজি নয়।
সরকারের মন্ত্রীরা বলছেন, ভারত-বাংলাদেশ আসামি প্রত্যর্পণ চুক্তির অধীনেই তাকে আসতে হবে।
আরও পড়ুন <> রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস
২৮ কার্যদিবসে ৫৪ জনের সাক্ষ্য : ২০২৪ সালের ১৪ আগস্ট শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা পড়ে। একই বছরের ১৪ অক্টোবর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত শুরু করে। ২০২৫ সালের ১২ মে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়া হয়। ৩ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তদন্তকারী কর্মকর্তাসহ মোট ৫৪ জনের সাক্ষ্য নেয়া হয় ২৮ কার্যদিবসে।
উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ১৭ নভেম্বর রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। ২০২৬ সালের ১৩ জানুয়ারি ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
রায়ে যেসব অপরাধের দায় নির্ধারণ : পূর্ণাঙ্গ রায়ে ট্রাইব্যুনাল বলেছে, কোটা সংস্কার আন্দোলন দমনের শুরু থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও নির্দেশনা আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘সহিংসতা উসকে দেয়’।
২০২৪ সালের ১৪ জুলাই সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের ‘রাজাকার’ আখ্যা দেয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
রায়ে বলা হয়, ওই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামালের সঙ্গে টেলিফোনে কথোপকথনে শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘গ্রেপ্তার ও হত্যার নির্দেশ’ দেয়ার কথা বলেন। ওই কথোপকথনে তার বক্তব্যের অর্থ ছিল, রাজাকারদের ফাঁসি দেয়া হয়েছে, এবার তোদেরও তাই করব, একটাও ছাড়ব না, আমি বলে দিছি।
সিআইডির ফরেনসিক পরীক্ষায় কথোপকথনের অডিও আসল’ বলে প্রমাণিত হওয়ার ট্রাইব্যুনাল বিষয়টি বিবেচনায় নেয়।
বিশেষজ্ঞদের মত ছিল, অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বা পরিবর্তন করা হয়নি। আদালতকক্ষেও কথোপকথনটি বাজিয়ে শোনানো হয়।
রায়ে বলা হয়, শেখ হাসিনার বক্তব্য ও নির্দেশনার পর ১৫ জুলাই ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের ওপর হামলা চালান। আহতদের হাসপাতালে নেয়া ও চিকিৎসা নেয়ার ক্ষেত্রেও বাধা দেয়া হয়। পরদিন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে পুলিশ গুলি করে হত্যা করে।
ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ অনুযায়ী, শেখ হাসিনার ‘উসকানি ও নির্দেশনার ধারাবাহিকতায়’ এসব ঘটনা ঘটে।
আরও পড়ুন <> সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি
ঊর্ধ্বতন কমান্ডের দায় ও ‘যৌথ অপরাধের সিদ্ধান্ত’ : রায়ে শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ঊর্ধ্বতন কমান্ডের দায় নির্ধারণ করা হয়।
ট্রাইব্যুনাল বলে, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ওপর কর্তৃত্ব রাখতেন। তার অধীনরা আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাকাণ্ড চালাচ্ছে, তা জানার পরও তিনি তা ঠেকাতে বা দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে কোনো পদক্ষেপ নেননি।
একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির অধীনরা অপরাধ করছে বা করতে যাচ্ছে—এমন তথ্য জানার পরও প্রতিরোধমূলক ব্যবস্থা না নেয়ায় তাদের দায় নির্ধারণ করা হয়। রায়ে তিন আসামির ‘যৌথ অপরাধমূলক উদ্যোগের’ বিষয়টিও বিবেচনায় নেয়া হয়।
ড্রোন, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ : দ্বিতীয় অভিযোগের বিষয়ে রায়ে বলা হয়, আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করতে ড্রোন ব্যবহার এবং তাদের হত্যায় হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ‘নির্দেশ দিয়েছিলেন’ শেখ হাসিনা।
১৮ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র ফজলে নূর তাপস ও রাজনীতিক হাসানুল হক ইনুর সঙ্গে তার টেলিফোনে কথোপকথনে ওই নির্দেশের বিষয়টি উঠে আসে।
এ ক্ষেত্রে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাক্ষ্যও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। তার বক্তব্য অনুযায়ী, ১৯ জুলাইয়ের পর থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় একটি ‘কোর কমিটির’ বৈঠক হত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ওই কমিটির কাছে ‘নির্দেশনা আসত’।
আল মামুন সাক্ষ্যে বলেন, এক বৈঠকে শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ‘নির্দেশ’ দেন। অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার ওই নির্দেশ বিভিন্ন এলাকার পুলিশ কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন। ড্রোন, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারী ও সাধারণ মানুষকে হত্যার বিষয়েও তিনি সাক্ষ্য দেন।৫০ জেলায় হামলা, ৪১ জেলায় প্রাণঘাতী অস্ত্র : রায়ে তদন্ত কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, জুলাই আন্দোলনের সময় দেশের ৫০ জেলায় সহিংসতা ঘটে। এর মধ্যে ৪১ জেলায় আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়। পুলিশ আন্দোলনকারীদের হত্যা ও আহত করতে মোট ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ব্যবহার করে বলে তদন্তে উঠে আসে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের তদন্ত প্রতিবেদনে জুলাই-আগস্টের ঘটনায় প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে।
অন্যদিকে, তদন্ত কর্মকর্তা প্রায় ২৫ হাজার আন্দোলনকারী আহত হওয়ার তথ্য দেন। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে বলা হয়, বেসামরিক জনগোষ্ঠীর ওপর সে সময় ‘ব্যাপক ও পদ্ধতিগত আক্রমণ’ চালানো হয়েছিল।
চাঁনখারপুল ও আশুলিয়ায় ১২ হত্যার দায় : দ্বিতীয় অভিযোগে ঢাকার চাঁনখারপুলে ছয়জনকে হত্যা এবং সাভারের আশুলিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় শেখ হাসিনার নির্দেশ এবং অন্য দুই আসামির সহযোগিতার দায় নির্ধারণ করে ট্রাইব্যুনাল।
রায়ে চাঁনখারপুলে নিহত ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন—শরিয়ার খান আনাস, মাহাদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মুহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া ওরফে শাহরিক।
আশুলিয়ায় নিহতদের মধ্যে ছিলেন সজ্জাদ হোসেন শাজল, আস-সাবুর, তানজিল মাহমুদ সুজয়, বায়েজিদ বোস্তামী, আবুল হোসেন এবং এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
রায়ে বলা হয়, আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের মরদেহে পেট্রল ঢেলে আগুন দেয়া হয়।
শেখ হাসিনার বিরুদ্ধে বিচারাধীন ৬ মামলা, তদন্তে আরো দুটি : সাবেক সরকারপ্রধান শেখ হাসিনার বিরুদ্ধে আরো ছয়টি মামলার বিচার চলছে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়।
এর মধ্যে আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই) জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম, আটক, নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলা রয়েছে। মামলা দুটিতে সাক্ষ্যগ্রহণ চলছে।
এ ছাড়া বিচারাধীন মামলার মধ্যে আছে এক যুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ড চালানো অভিযোগের মামলাটিও। এই মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ’ গঠনের শুনানি চলছে।
২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরে কথিত জঙ্গি আস্তানা ‘জাহাজ বাড়িতে’ অভিযান চালিয়ে ৯ জনকে হত্যা।
২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরের জয়দেবপুরে জঙ্গি আস্তানায় অভিযানে সাতজনকে হত্যা এবং ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে বিচারাধীন তিন মামলায়ও শেখ হাসিনা প্রধান আসামি।
চব্বিশের গণ-আন্দোলনে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক এ সরকারপ্রধানের বিরুদ্ধে আরো দুটি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে প্রসিকিউশন।
সম্পদ বাজেয়াপ্তে সরকারকে প্রসিকিউশনের চিঠি : এক বছর আগে মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পদ বাজেয়াপ্তের রায় হলেও শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি সরকারকে চিঠি দেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর এই চিঠি দেওয়া হয়।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































