Apan Desh | আপন দেশ

নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে গ্রুপসেরা জার্মানি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৭, ১৭ নভেম্বর ২০২৬

নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে গ্রুপসেরা জার্মানি

ছবি : সংগৃহীত

ম্যাচজুড়ে দাপুটে ফুটবলের অসাধারণ প্রদর্শনী মেলে ধরল জার্মানি। নেদারল্যান্ডসকে গুঁড়িয়ে গ্রুপ সেরা হয়ে নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল ইয়ুর্গেন ক্লপের দল।

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে সোমবার রাতে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ৫-০ গোলে জিতেছে চারবারের বিশ্বকাপজয়ীরা।

এখানে হারলেও, গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ আটের টিকেট পেয়েছে ডাচরাও।

গ্রুপে তিন নম্বরে থেকে মাঠে নামা জার্মানি প্রথমার্ধে ডেরি শেহান্টের চমৎকার গোলে এগিয়ে যায়। বিরতির পর আরেকটি দর্শনীয় গোলে ব্যবধান বাড়ান ফ্লোহিয়ান ভিয়েৎস। পরে আরেকটি গোল করেন তিনি। অন্য দুই গোলদাতা নিকো শ্লটারবেক ও ব্রায়ান গ্রুডা।

একই সময়ে গ্রপের আরেক ম্যাচে সার্বিয়াকে ১-০ গোলে হারিয়েও বিদায় নিতে হয়েছে গ্রিসকে। জার্মানি, নেদারল্যান্ডস ও গ্রিস- তিন দলেরই সমান ১১ পয়েন্ট। এক্ষেত্রে টেবিলে তাদের অবস্থান নির্ধারণে মোট গোলের ব্যবধান না ধরে, এই তিন দলের মধ্যে লড়াইয়ের ফল বিবেচনায় নেওয়া হয়। এতে তৃতীয় হয় গ্রিস।

ছয় ম্যাচের সবকটি হেরেছে সার্বিয়া।

আরও পড়ুন <> টিভিতে আজকের খেলা

শাভি এর্নান্দেস কোচের দায়িত্ব নেওয়ার পর ছয় ম্যাচে প্রথম হারের তেতো স্বাদ পেল নেদারল্যান্ডস।

পুরো ম্যাচে ৫৬ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য ১৮ শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে জার্মানি। নেদারল্যান্ডসের ৯ শটের কেবল একটি লক্ষ্যে ছিল।

প্রথম দেখায় নেদারল্যান্ডসের মাঠে ১-১ ড্র করেছিল জার্মানি।

বল দখল ও আক্রমণে জার্মানি শুরু থেকে এগিয়ে থাকলেও, পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না। ৩২তম মিনিটে গোলের সবচেয়ে কাছাকাছি যেতে পারে জার্মানরা। বক্সের ভেতর থেকে শেহান্টের শট পোস্টে লাগে।

আট মিনিট পরই তিনিই দর্শনীয় গোলে এগিয়ে নেন দলকে। ইয়োজুয়া কিমিখের পাস বাঁ দিকে পেয়ে বক্সে ঢুকে পড়েন শেহান্ট। সামনে ছিল প্রতিপক্ষের ডেনজেল ডামফ্রিস। তাকে কোনো সুযোগ না দিয়ে, একটু জায়গা বানিয়ে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ২৪ বছর বয়সি ফরোয়ার্ড।

জাতীয় দলের হয়ে চার ম্যাচে তার প্রথম গোল এটি।

আগের রাউন্ডে গ্রিসকে ৭-০ গোলে হারানো নেদারল্যান্ডস প্রথমার্ধে খুব একটা ভীতি ছড়াতে পারেনি। শুরুতে ডনিয়েল মালেনের একটি হেড ঠেকাতে খুব বেশি বেগ পেতে হয়নি জার্মানি গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে।

৬০তম মিনিটে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করে জার্মানি। বক্সের বাইরে ডামফ্রিসের থেকে বল কেড়ে নেন ভিয়েৎস। তার সামনে দুই পাশে ছিল প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়। তাদের মাঝ দিয়েই বুলেট গতির শটে বল জালে পাঠান লিভারপুল মিডফিল্ডার।

৬৫তম মিনিটে ব্রায়ান গ্রুডার ফ্রি-কিকে বক্সে নিচু হয়ে হেডে ব্যবধান আরও বাড়ান সেন্টার ব্যাক শ্লটারবেক। পাঁচ মিনিট পর দলের চতুর্থ গোলেও অবদান রাখেন গ্রুডা। বক্সে তার ফ্লিকে বল পেয়ে ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন ভিয়েৎস।

৭৭তম মিনিটে সফরকারীদের জালে পঞ্চম পেরেক ঠুকে দেন গ্রুডা। শেহান্টের শট পোস্টে লেগে ফেরার পর জোরাল শটে জালে পাঠান তিনি।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়