Apan Desh | আপন দেশ

জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৫, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:২১, ১৭ নভেম্বর ২০২৬

জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন গ্রেফতার

ছবি: আপন দেশ

জুলাইয়ের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, পল্টন থানায় ২০২৪ সালে দায়ের করা একটি হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

আরও পড়ুন <> রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

তিনি জানান, গ্রেফতারের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এ নেতাকে সকালে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে ডিবি।

এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, এসআরবির পক্ষ থেকে সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

উল্লেখ্য, সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে। 

২০১৫ সালে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় তিনি ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। 

পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। 

এবার ২০২৪ সালের পল্টন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হলো।

 

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়