ছবি: আপন দেশ
বাংলাদেশি পেসার নাহিদ রানাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শাস্তি দিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার জানানো হয়েছে।
আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গের অভিযোগে নাহিদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। এছাড়া নাহিদের শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে আরও একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
গত ২৪ মাসে এটি তার দ্বিতীয় অপরাধ হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে দুই।
এ ঘটনা ঘটে অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের ১১তম ওভারে। ওই ওভারে নাহিদ অস্ট্রেলিয়ার ব্যাটার জশ ইংলিশকে আউট করার পর তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান। এছাড়াও তিনি অনুপযুক্ত ভাষা ব্যবহার করেন।
আইসিসির মতে, তার এ আচরণ ব্যাটারের মধ্যে আক্রমণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারত।
নাহিদ রানা অভিযোগ স্বীকার করে নেন এবং এমিরেটস আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারিদের প্যানেলের সদস্য প্রকাশ ভাটের প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আরও পড়ুন <<>> আমাদের হারানো কঠিন: মেসি
মাঠের আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার মোর্শেদ আলী খান নাহিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।
আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা। সাথে এক বা দুই ডিমেরিট পয়েন্ট দেয়া হয়ে থাকে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































