ছবি: সংগৃহীত
আর্জেন্টিনাকে হারানো যেকোনো প্রতিপক্ষের জন্যই কঠিন হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। তিনি বলেন, আমাদের দল আজ যে অবস্থানে আছে, তার প্রতিটি ইঞ্চি নিজেদের যোগ্যতায় অর্জন করেছি। আমরা সব সময় নিজেদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করি।
বুধবার (১০ জুন ) বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে তিনি এসব কথা জানান।
মেসি বলেন, শুরু থেকেই দারুণ উপভোগ করছি। এখানে আসার পর থেকে একটু অস্বস্তি ভোগাচ্ছিল, তবে আমি খেলার জন্য মুখিয়ে ছিলাম। মাঠে নেমে খুব ভালো লেগেছে। খেলার জন্য তীব্র ইচ্ছা ছিল, যাতে ইনজুরির ভয়টা কেটে যায় এবং মন খুলে খেলতে পারি। বিশ্বকাপ অভিষেকের আগে সবাইকে পুরোপুরি ফিট করে তুলতে আমাদের হাতে আরও এক সপ্তাহ সময় আছে।
তিনি বলেন, যেকোনো টুর্নামেন্ট, বিশেষ করে বিশ্বকাপ শুরুর আগে আমরা খুব রোমাঞ্চিত থাকি। আমি আগেও বলেছিলাম, এ দলটা কাউকে হতাশ করবে না; তারা সেটি প্রমাণ করেছে। যেকোনো প্রতিপক্ষ বা টুর্নামেন্টে তারা সমান ইচ্ছা ও উদ্দীপনা নিয়ে লড়াই করে। এটি একটি বিজয়ী দল, যারা সব সময় আরও বেশি কিছু চায়।
আরও পড়ুন <<>> ফুটবলের মহারণ শুরু কাল
তিনি আরও বলেন, এ দলটা আজ যে অবস্থানে আছে, তার প্রতিটি ইঞ্চি তারা নিজেদের যোগ্যতায় অর্জন করেছে। আমরা সব সময় নিজেদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করি। কখনো ভাগ্য সহায় হয়, কখনো হয় না। তবে আমরা জয়ের যে অভ্যাস গড়ে তুলেছি, তার পুনরাবৃত্তি করার চেষ্টা করব। দিন শেষে এটা ফুটবল। কিন্তু এটুকু নিশ্চিত থাকুন, আমাদের হারানো যেকোনো প্রতিপক্ষের জন্যই অনেক কঠিন হবে। কারণ, আমরা ভীষণ লড়াকু এক দল।
বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে ইনস্টাগ্রামে ম্যাচের কিছু ছবি পোস্ট করেও ভক্তদের তাতিয়ে দিয়েছেন এলএমটেন। ক্যাপশনে লিখেছেন, এগিয়ে চলো আগের চেয়েও আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে।
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের শিরোপা ধরে রাখার মূল মিশন শুরু করবে আর্জেন্টিনা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































