Apan Desh | আপন দেশ

লেবাননের বিউফোর্ট দুর্গ দখলে নিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫০, ৩১ মে ২০২৬

আপডেট: ১৮:৫০, ৩১ মে ২০২৬

লেবাননের বিউফোর্ট দুর্গ দখলে নিলো ইসরায়েল

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখল করার দাবি করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, লেবাননে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে তারা দুর্গটির নিয়ন্ত্রণ নিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি লেবানন সরকার।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নাবাতিয়েহ শহরের কাছে অবস্থিত বিউফোর্ট দুর্গ, যা কালাত আল-শাকিফ নামেও পরিচিত। সেটির ওপর ইসরায়েলের পতাকা উড়তে থাকা ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসও এ তথ্য প্রকাশ করেছে।

লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পাহাড়চূড়ায় অবস্থিত এ দুর্গটি ক্রুসেডার যুগের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এটি ইউনেস্কো-সুরক্ষিত ঐতিহাসিক নিদর্শন হিসেবেও পরিচিত।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের দাবি সত্য হলে এটি চলমান সংঘাতে দেশটির জন্য একটি বড় সামরিক সাফল্য হিসেবে বিবেচিত হবে। চলতি বছরের ২ মার্চ থেকে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে ইসরায়েল।

আরও পড়ুন <<>> ইসরায়েলি হামলায় লেবাননে একই পরিবারের ৯ জন নিহত

উল্লেখ্য, ২০০০ সালে লেবানন থেকে সেনা প্রত্যাহারের আগে প্রায় ১৮ বছর বিউফোর্ট দুর্গের নিয়ন্ত্রণে ছিল ইসরায়েল। যদিও ১৭ এপ্রিল থেকে কার্যকর যুদ্ধবিরতি রয়েছে, তবুও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বিউফোর্ট দুর্গ দখলকে ‘কৌশলগত বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, গোলানি ব্রিগেডের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাহিনী লিতানি নদী অতিক্রম করে বিউফোর্ট রিজের নিয়ন্ত্রণ নিয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, গ্যালিলি অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইসরায়েলি বাহিনীর সুরক্ষার জন্য এ অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, অভিযানটি এতদিন গোপন রাখা হয়েছিল এবং হিজবুল্লাহকে দুর্বল করার লক্ষ্যেই সামরিক তৎপরতা অব্যাহত থাকবে।

তবে ইসরায়েলের এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি লেবাননের কর্তৃপক্ষ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়