Apan Desh | আপন দেশ

ইসরায়েলি হামলায় লেবাননে একই পরিবারের ৯ জন নিহত

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৬, ৩১ মে ২০২৬

আপডেট: ১২:০৮, ৩১ মে ২০২৬

ইসরায়েলি হামলায় লেবাননে একই পরিবারের ৯ জন নিহত

ছবি সংগৃহীত

যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননের দক্ষিণাঞ্চলে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। দখলদার বাহিনী কর্তৃক সর্বশেষ এ হামলায় একই পরিবারের ৯ জন সিরীয় শরণার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জনই শিশু। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া সব মরদেহ একই পরিবারের সদস্যদের বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু

লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর সাইদা (সিডন) সংলগ্ন আদলুন শহরের একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। ওই বাড়িটিতে বেসামরিক লোকজন বসবাস করতেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা মরদেহগুলো একই পরিবারের সদস্যদের। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার পর ১৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি ১৭ মে থেকে আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হলেও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে।      

আরও পড়ুন<<>>মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

প্রসঙ্গত, লেবাননে কার্যকর যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল দেশটির বিভিন্ন এলাকায় নিয়মিত বিমান হামলা ও সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। বিশেষ করে দক্ষিণ লেবানন, বেকা উপত্যকা এবং হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে এমন এলাকাগুলোকে লক্ষ্য করে এসব হামলা পরিচালিত হচ্ছে।

ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো, অস্ত্রভাণ্ডার ও যোদ্ধাদের লক্ষ্য করে হামলা করছে। তবে লেবাননের কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এসব হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

গত কয়েক মাসে লেবাননে ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী, শিশু, চিকিৎসাকর্মী ও জরুরি সেবাকর্মীও রয়েছেন। একই সঙ্গে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্তজুড়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা এবং গাজা যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতির ওপর লেবানন সীমান্তের সংঘাত অনেকটাই নির্ভর করছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়