ছবি: আপন দেশ
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে চালকসহ এক হেলপার নিহত হয়েছেন।
রোববার (৩১ মে) ভোরে উপজেলার তাজপুর বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ‘যাতায়াত’ পরিবহনের বাসচালক সোহেল (৩০) এবং তার সহকারী ইমন (২০)। সোহেল নরসিংদী সদর উপজেলার শাহী প্রতাপ গ্রামের তাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘যাতায়াত’ পরিবহনের একটি বাস সিলেটমুখী হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় একই দিকে যাওয়ার পথে ‘সেন্টমার্টিন সৌহার্দ্য’ পরিবহনের একটি দ্রুতগতির বাস পেছন থেকে এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক সোহেলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সহকারী ইমনকে উদ্ধার করা হলেও পরে তারও মৃত্যু হয়।
আরও পড়ুন <<>> বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































