গাব্রিয়েল মাগালাইসের। ছবি: সংগৃহীত
স্বপ্নভঙ্গের রাতে সবচেয়ে বেশি আক্ষেপ হয়তো গাব্রিয়েল মাগালাইসেরই। আর্সেনালের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ট্রফি জয়ের সুযোগ ছিল হাতের নাগালে। কিন্তু টাইব্রেকারে তার শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে গেলে শিরোপা উৎসবে মাতে পিএসজি।
শনিবার (৩০ মে) রাতে বুদাপেস্টে নাটকীয় ফাইনালে জয় পেয়ে ইউরোপ সেরার মুকুট ধরে রাখে ফরাসি ক্লাবটি। এর মাধ্যমে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে চ্যাম্পিয়নস লিগে টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি গড়ে পিএসজি।
আর্সেনালের জার্সিতে ২৬১ ম্যাচ খেললেও এটিই ছিল গাব্রিয়েল মাগালাইসের প্রথম পেনাল্টি শট। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন কোচ মিকেল আরতেতাও।
টাইব্রেকারে পিএসজির হয়ে দ্বিতীয় শট নিতে আসেন দেজিরে দুয়ে। ফরাসি ফরোয়ার্ড কোনো ভুল করেননি। অন্যদিকে আর্সেনালের ভিক্টর ইয়োকেরেসের শট জালে জড়ালেও পরের শট নিতে এসে ভুল করেন একজন সতীর্থ। থেমে গিয়ে শট নেয়ার চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি।
তবে আর্সেনালকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলরক্ষক ডেভিড রায়া। নুনো মেন্দেসের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন তিনি। এরপর দুই দলের পরবর্তী দুটি করে শটই জালে জড়ায়।
আরও পড়ুন <<>> সাফে আজ ভারতের মুখোমুখি হচ্ছেন মেয়েরা
সব চাপ গিয়ে পড়ে গাব্রিয়েলের ওপর। শেষ শটটি নিতে এসে লক্ষ্যভ্রষ্ট হন ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার। তার শট অনেক ওপর দিয়ে চলে গেলে আর্সেনালের ইউরোপ সেরা হওয়ার স্বপ্নও শেষ হয়ে যায়।
ম্যাচ শেষে আরতেতা বলেন, গাব্রিয়েল নিজেই শেষ পেনাল্টিটি নিতে চেয়েছিল। আমরা এ পরিস্থিতির জন্য অনুশীলন করেছি। সবকিছু পরিকল্পনার অংশ ছিল। শেষ শটটি তারই নেয়ার কথা ছিল। অনুশীলনে সে কখনও পেনাল্টি মিস করে না।
তিনি বলেন, সাধারণভাবে বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড এবং কাই হাভার্টজ পেনাল্টি নেয়ার তালিকায় থাকে। তবে আমরা জানতাম, ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে পরিস্থিতি বদলে যেতে পারে। তখন অন্য খেলোয়াড়দেরও দায়িত্ব নিতে হতে পারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































