Apan Desh | আপন দেশ

ঈদের ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২৩:৩১, ২৪ মে ২০২৬

ঈদের ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

ছবি: আপন দেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের পাঁচটি সিটি করপোরেশনের নির্ধারিত কুরবানির পশুর হাট এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২৪ মে) তফশিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ঈদের আগের দিন পর্যন্ত নির্ধারিত শাখা, উপশাখা ও হাট এলাকায় স্থাপিত অস্থায়ী বুথ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন এবং রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে কুরবানির পশুর হাট পরিচালিত হবে। এসব হাটে বিপুল সংখ্যক ক্রেতা ও ব্যবসায়ীর সমাগম ঘটে। একই সঙ্গে বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়। তাই নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করা জরুরি।

চিঠিতে আরও বলা হয়, পশুর হাটের কাছাকাছি ব্যাংকের শাখা, উপশাখা ও অস্থায়ী বুথ ব্যবহার করে যেন ক্রেতা ও বিক্রেতারা সহজে অর্থ জমা ও উত্তোলন করতে পারেন, সে জন্য বিশেষ ব্যাংকিং সহায়তা প্রয়োজন।

আরও পড়ুন <<>> ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. জোবায়দুর রহমানের পদত্যাগ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্ধারিত হাটগুলোর মধ্যে রয়েছে বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, মিরপুর সেকশন-৬ এর ইস্টার্ন হাউজিং এলাকা, কালশী বালুর মাঠ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন এলাকা, বাড্ডার স্বদেশ প্রপার্টির খালি জায়গা, পূর্ব হাজীপাড়া, উত্তরা দিয়াবাড়ি, গাবতলী পশুর হাট, খিলক্ষেতের মস্তুল চেকপোস্ট এলাকা এবং বড় বেরাইদে বসুন্ধরা গ্রুপের খালি জায়গা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাটগুলোর মধ্যে রয়েছে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী পানির পাম্প পর্যন্ত এলাকা, গ্রীণ বনশ্রী হাউজিং, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন এলাকা, রহমতগঞ্জ ক্লাব এলাকা, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন নদীর পাড়, উত্তর শাহজাহানপুর, শিকদার মেডিকেলসংলগ্ন এলাকা, গোলাপবাগ আউটফল স্টাফ কোয়ার্টার এলাকা, আমুলিয়া মডেল টাউন, সারুলিয়া এবং সাদেক হোসেন খোকা মাঠসংলগ্ন এলাকা।

চট্টগ্রাম সিটি করপোরেশনে বিবির হাট ও সাগরিকা এলাকায় পশুর হাট বসবে। রংপুর সিটি করপোরেশনে লালবাগ সদর হাট, খুলনা সিটি করপোরেশনে জোড়া হাট এবং রাজশাহী সিটি করপোরেশনে সিটি হাট নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে তিনটি নির্দেশনা দিয়েছে।

প্রথমত, ২৪ মে থেকে ২৭ মে পর্যন্ত সংশ্লিষ্ট হাট এলাকার নিকটবর্তী ব্যাংক শাখা ও উপশাখা বিশেষ ব্যবস্থায় খোলা রাখতে হবে। এসব শাখায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

দ্বিতীয়ত, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে অস্থায়ী বুথ স্থাপন করতে হবে। এসব বুথে অর্থ জমা, উত্তোলন এবং নতুন হিসাব খোলার সুবিধা রাখতে হবে।

তৃতীয়ত, অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ ভাতা দিতে হবে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়