ছবি: বাফুফে
মালদ্বীপকে হারিয়ে এরইমধ্যে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ-সেরা হওয়ার লড়াইয়ে এবার ঋতুপর্ণাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। রোববার (৩১ মে) রাত ৮টায় গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এ ম্যাচ জিতেই সেমিফাইনালে খেলতে চায় পিটার বাটলারের দল। ম্যাচের আগের দিন শনিবার (৩০ মে) সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার স্পষ্ট স্বীকার করেন, গত ম্যাচে সুযোগগুলো কাজে লাগানো যায়নি। বিশেষ করে উইঙ্গার ঋতুপর্ণার জন্য দিনটা মোটেও পক্ষে ছিল না। তবে একই সঙ্গে সতর্কও করেন— ভারত সম্পূর্ণ ভিন্ন মাপের দল।
বাংলাদেশ কোচ বলেন, আমরা জানি একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। গত রাতের ম্যাচের বিশ্লেষণ করে সে অনুযায়ী প্রস্তুতি নেবো।
বুকে ব্যথার কারণে মালদ্বীপ ম্যাচ খেলতে পারেননি ডিফেন্ডার শিউলি আজিম। তার সঙ্গে মিডফিল্ডার মনিকা চাকমাও ফিরছেন ভারত ম্যাচের একাদশে। রক্ষণের দুর্বলতা নিয়ে শিউলি বলেন, কোচ কাজ করছেন। আশা করছি, পরের ম্যাচে যে জায়গাগুলোতে ভুল হয়েছে সেগুলো শুধরে ওভারকাম করতে পারবো।
সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করলে ভারতকে হারানো কঠিন হবে না বলে মনে করেন বাটলার, প্রতিপক্ষকে বোঝাটা গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সঠিক পরিকল্পনা এবং সেটি ঠিকঠাক কার্যকর করা।
আরও পড়ুন<<>>>আর্সেনালের স্বপ্ন গুঁড়িয়ে ফের ইউরোপ সেরা পিএসজি
সেমিফাইনালে প্রতিপক্ষ ভুটান হবে না নেপাল— এ প্রশ্নে নির্লিপ্ত বাটলার, আমার কোনও বিশেষ পছন্দ নেই। টুর্নামেন্ট জিততে হলে যে কোনও পর্যায়ে এ দলগুলোর মুখোমুখি হতেই হবে।
আগের দুই সাফে ভারতকে হারানোর রেকর্ড আছে বাংলাদেশের। কিন্তু এবারের ভারত দল আগের চেয়ে অনেক বেশি গোছানো, এটা শিউলি নিজেও মানেন। রেকর্ড নয়, বরং মাঠের পারফরম্যান্সই দিয়ে ম্যাচ জিতে এগিয়ে যাওয়ার পন লাল সবুজ দলের সেনানিদের।
দক্ষিণ এশিয়ার এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের ইতিহাসে ভারত বরাবরই আধিপত্য বিস্তার করে এসেছে। ২০১০ সালে ৭-০ গোলের জয় দিয়ে শুরু করার পর থেকে এ পর্যন্ত ১২ বারের দেখায় ৯ বারই জিতেছে ভারত।
তবে, বর্তমান ফুটবলের চিত্রপট এখন সম্পূর্ণ ভিন্ন। এ মুহূর্তে পরিস্থিতি পুরোপুরি বেঙ্গল টাইগ্রেসদের পক্ষে। ২০২২ ও ২০২৪ সালের আসরে দারুণ সব জয়ের মাধ্যমে ভারতের দীর্ঘদিনের আধিপত্যে বড়সড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ। টানা দুবারের চ্যাম্পিয়ন বাঘিনীরা এবার গোয়ায় পা রেখেছে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে। অন্যদিকে, স্বাগতিক ভারতের জন্য এ ম্যাচটি হারানো সম্মান পুনরুদ্ধারের এক অগ্নিপরীক্ষা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































