Apan Desh | আপন দেশ

যে কারণে ভেঙে দেয়া হলো বিসিবির কমিটি

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৭, ৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:৫৫, ৭ এপ্রিল ২০২৬

যে কারণে ভেঙে দেয়া হলো বিসিবির কমিটি

ছবি: আপন দেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অনিয়ম ও হস্তক্ষেপের অভিযোগের প্রেক্ষিতে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেয়া হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদ নতুন করে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করে।

অভিযোগ রয়েছে, গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সরাসরি হস্তক্ষেপ করেছিলেন। তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে কাউন্সিলরদের ওপর চাপ সৃষ্টি করেন। ক্রীড়া বিশ্লেষকদের মতে, এ হস্তক্ষেপের কারণেই সভাপতির পদ হারাতে হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে।

নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ছিল না জানিয়ে ঢাকার ৫০টি ক্লাব, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং সাবেক ক্রিকেটারদের একটি অংশ লিখিত অভিযোগ করে।

এ অভিযোগের ভিত্তিতে গত ১১ মার্চ সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গত ৫ এপ্রিল তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বিসিবির নির্বাচন প্রক্রিয়ায় নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

ক্রীড়া পরিষদের এক কর্মকর্তা জানান, তদন্তে দেখা গেছে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ভোটারদের প্রভাবিত করেছেন। শেরাটন হোটেলে তিনি ও সাখাওয়াত হোসেন কাউন্সিলরদের নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে চাপ দেন।

আরও পড়ুন<<>> তামিমের নেতৃত্বে বিসিবির কমিটিতে আছেন যারা

এছাড়া আমিনুল ইসলাম বুলবুল নিজেও একটি পক্ষ হিসেবে ১০ জন ক্রিকেটারকে মনোনয়ন দিয়ে সুবিধা নিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে।

তদন্ত কমিটি নির্বাচনকে অসম্পূর্ণ ও অনিয়মে ভরা হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে গঠনতন্ত্র সংশোধনের সুপারিশ করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে পাঠানো হয়েছে। নিয়ম লঙ্ঘনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে নতুন কমিটিকে অনুমোদন দেয়া হবে বলে আশা করা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়