ছবি : সংগৃহীত
ক্লাব ও জাতীয় দলের হয়ে গত মৌসুমে গোলের বন্যা বইয়ে দিয়ে অসাধারণ এক স্বীকৃতি পেলেন হ্যারি কেইন। লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ড অধিনায়ক।
অসাধারণ গোল করার দক্ষতা ও ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার উঠেছে তার হাতে।
লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো খাম থেকে বিজয়ীর নাম লেখা কাগজ বের করতেই অনুষ্ঠানস্থলে শুরু হয় উচ্ছ্বাস। কেইনের নাম ঘোষণার পর ‘হ্যারি, হ্যারি’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।
পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত কেইন বলেন, বাহ, বাহ, বাহ। আমি প্রায় বাক্যহারা। লন্ডনে এ আয়োজনটি হওয়ায় এটি আমার জন্য আরও বিশেষ হয়ে উঠেছে। আজকের রাতটি যেন আমার জন্য শুভ সংকেত নিয়ে এসেছে। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমি বুঝতে পারছি, এ বছর বিজয়ী নির্বাচন করা নিশ্চয়ই বেশ কঠিন ছিল।
তিনি আরও বলেন, আজকের রাতে এ হলে অনেক বিশ্বমানের খেলোয়াড় উপস্থিত আছেন। সব বিজয়ী ও মনোনীতকে অভিনন্দন। জেদ ও কঠোর পরিশ্রম যে সত্যিই সাফল্য এনে দিতে পারে, আজ সেটিই ফুটে উঠেছে।
২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৭৩টি গোল করেছেন কেইন। ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেয়ার পরও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন এই ইংলিশ স্ট্রাইকার। জার্মান ক্লাবটির হয়ে ১৫৮ ম্যাচে তার গোল ১৫৬টি।
বুন্দেসলিগায় টানা তিন মৌসুম সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকার পাশাপাশি ২০২৫-২৬ মৌসুমে ইউরোপের ক্লাব ফুটবলেও সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। এসব সাফল্য ব্যালন ডি’অরের দৌড়ে তাকে এগিয়ে রেখেছে।
জাতীয় দলেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইংল্যান্ড অধিনায়ক। ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে ইংল্যান্ডের অন্যতম সেরা সাফল্য অর্জনের পথে ভূমিকা রেখেছেন তিনি।
টুর্নামেন্টে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা হিসেবে আসর শেষ করার পাশাপাশি দলকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জিতিয়ে ব্রোঞ্জ পদক জেতাতে সহায়তা করেন কেইন।
সব মিলিয়ে গোলের ধারাবাহিকতা, ব্যক্তিগত নৈপুণ্য ও দলের সাফল্যে অবদানের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব অর্জন করলেন ইংল্যান্ডের এ তারকা স্ট্রাইকার।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































