Apan Desh | আপন দেশ

মন্ত্রীর স্ত্রী-ছেলে-ভাতিজা দিয়ে বিসিবির কমিটি, বিএনপিতেই ঝড়

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৩, ৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:৫৬, ৭ এপ্রিল ২০২৬

মন্ত্রীর স্ত্রী-ছেলে-ভাতিজা দিয়ে বিসিবির কমিটি, বিএনপিতেই ঝড়

ছবি, আপন দেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ তিন মাসের জন্য ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে এ কমিটি বিসিবির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পাশাপাশি নির্বাচনের আয়োজন করবে।

তবে নতুন এ কমিটি ঘোষণার পরপরই শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিশেষ করে কমিটিতে মন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। শুধু ক্রীড়াঙ্গনেই নয়, খোদ বিএনপির ভেতরেও এ নিয়ে তুমুল সমালোচনা চলছে।

অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার। জাতীয় দলের হয়ে তিনি ৭০ টেস্ট, ২৪৩ ওয়ানডে এবং ৭৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তার আন্তর্জাতিক রান ১৫,২৪৯। টেস্টে ৫,১৩৪ রান, ওয়ানডেতে ৮,৩৫৭ রান এবং টি-টোয়েন্টিতে ১,৭৫৮ রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট সেঞ্চুরি ২৫টি।

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কমিটির অন্যান্য সদস্যরা। এ কমিটির একমাত্র নারী সদস্য রাশনা ইমাম, যিনি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।

কমিটিতে রয়েছেন সৈয়দ ইব্রাহীম আহমদ, যিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে।

এছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাসও রয়েছেন কমিটিতে। তিনি ঢাকা ব্যাংকের পরিচালক ও তরুণ ব্যবসায়ী হিসেবে পরিচিত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরুও এ কমিটির সদস্য। তিনি তরুণ রাজনীতিবিদ ও কলামিস্ট হিসেবে পরিচিত।

এছাড়া সাবেক বিসিবি সহ-সভাপতি আফজালুর রহমান সিনহার ছেলে ফাহিম সিনহা, সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু, অভিজ্ঞ ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী, ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি এবং সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান এ কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

নতুন কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, কমিটিতে পরিবারতন্ত্রের স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। ক্রীড়াঙ্গনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়- এমন রাজনৈতিক ও পারিবারিক পরিচয়ের ভিত্তিতে সদস্য অন্তর্ভুক্তির অভিযোগ তুলছেন সমালোচকরা।

বিএনপির বিভিন্ন নেতাও সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন। তাদের মতে, সরকারের মাত্র দুই মাসের মাথায় যদি এমন বিতর্কিত কমিটি গঠন করা হয়, তাহলে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হওয়াই স্বাভাবিক।

এদিকে, নয়া কমিটি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্নেহের ক্রীড়ামন্ত্রীর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সমালোচকদের দাবি, ক্রীড়া প্রশাসনে রাজনৈতিক প্রভাব ও পারিবারিক প্রাধান্য কমানোর পরিবর্তে নতুন কমিটি সে প্রবণতাকেই আরও জোরালো করেছে।

সব মিলিয়ে বিসিবির নতুন অ্যাডহক কমিটি ঘোষণার পর ক্রীড়াঙ্গন ছাড়িয়ে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়