Apan Desh | আপন দেশ

শাকিলের জানাজায় এমপির বক্তব্যের সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৬, ২৮ অক্টোবর ২০২৬

শাকিলের জানাজায় এমপির বক্তব্যের সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান

ছবি: আপন দেশ

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানাজার আগে নাটোর-৪ আসনের এমপি মো. আব্দুল আজিজ বক্তব্য শুরু করলে উপস্থিত লোকজনের একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে নিহতের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা ঘিরেও উত্তেজনা দেখা দেয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে এমপি আব্দুল আজিজ উপস্থিত লোকজনকে উদ্দেশ করে কথা শুরু করতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি বক্তব্য চালিয়ে যেতে চাইলে একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তিনি বক্তব্য শেষ করেন।

পরে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য দেন। এরপর এমপি আব্দুল আজিজ নিহত শাকিলের পরিবারকে তার পক্ষ থেকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিলে আবারও উত্তেজনা দেখা দেয়। এ সময় হুইপ দুলু মাইক হাতে নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

জানাজা শেষে চাঁচকৈড় বাজারে প্রবাসী রাসেলের রাশ আরবানী শপিংমলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

আরও পড়ুন<<>>ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩

এদিকে শাকিল হত্যা মামলায় এমপি আব্দুল আজিজের ছেলে মো. নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেলে নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাত ১টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা এলাকার নিজ বাড়ি থেকে মিন্টুকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। অভিযোগ অনুযায়ী, মোটরসাইকেলে ধাওয়া করে দুর্বৃত্তরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তার মৃত্যু হয়। শাকিলের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি তদন্ত করছে পুলিশ।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়