ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসার পর বিষয়টি আরও আলোচনায় আসে। এবার এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়ামে বিএসপিএ আয়োজিত ইফতার মাহফিলে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, বোর্ড সাকিব আল হাসানের দেশে ফেরাকে ইতিবাচকভাবে দেখছে।
তিনি বলেন, ক্রিকেট বোর্ড অবশ্যই চায় সাকিব ফিরে আসুক। সে এখনও আমাদের জন্য একটি অ্যাসেট ও ব্র্যান্ড। দলের জন্য অবদান রাখার সামর্থ্য তার এখনো রয়েছে।
আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় সাকিব আল হাসানের বিরুদ্ধে একাধিক মামলা হয়। সে সময় তার দেশে ফেরার ক্ষেত্রেও বাধা তৈরি হয়। যদিও তিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। দেশে ফিরে অবসর নেয়ার ইচ্ছার কথাও একাধিকবার জানিয়েছেন।
ফারুক আহমেদ জানান, সাকিবের দেশে ফেরা নিয়ে দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছে। তিনি বলেন, বিষয়টি আজকের নয়। আমি সভাপতি থাকাকালীন দায়িত্ব নেয়ার দুই-তিন মাস পর থেকেই চেষ্টা করেছি। তখন সম্ভব হয়নি বলে ভবিষ্যতেও হবে না—এমনটি বলা যায় না। সম্ভাবনা রয়েছে। খুব শিগগিরই ভালো খবর পাওয়া যেতে পারে।
আরও পড়ুন <<>> দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশি ২৩ ক্রিকেটার
তবে সাকিবের আইনি জটিলতা বোর্ডের এখতিয়ারের বাইরে বলেও জানান বিসিবির এ কর্মকর্তা। সরকারের পক্ষ থেকে আইনি সমস্যার সমাধান হলেই তার দেশে ফেরার পথ সহজ হবে।
তিনি আরও বলেন, জাতীয় দলে খেলতে হলে সাকিবকে ফিটনেস ও নির্বাচকদের মানদণ্ড পূরণ করতে হবে। বোর্ডের দায়িত্ব ফিটনেস ও নির্বাচনের বিষয় পর্যন্ত। এর বাইরে আইনি বিষয়গুলো সরকারের আওতায়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































