Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রী হয়ে কোথায় থাকবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী হয়ে কোথায় থাকবেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরতে যাচ্ছে দলটি। সরকার গঠনের প্রক্রিয়া এগোতেই এখন জোর আলোচনা কোথায় থাকবেন নবনির্বাচিত সরকারের ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান?

২৪-এর গণঅভ্যুত্থানের পর বদলে যায় দেশের রাজনৈতিক বাস্তবতা। সেদিন ছাত্র-জনতার ক্ষোভের সাক্ষী হয়েছিল প্রধানমন্ত্রীর এ সরকারি বাসভবন ‘গণভবন’। পরে সেটি রূপান্তরিত হয় জুলাই স্মৃতি জাদুঘরে। ফলে অনেকের জিজ্ঞাসা নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়?

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’কে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হতে পারে। এ বিষয়ে নির্দেশনা পেলে কাজ করবে তারা।  

গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, যমুনা সুরক্ষিত রয়েছে। নির্দেশনা পেলে, খুব দ্রুততম সময়ের মধ্যে যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করতে পারবো।  

তবে শুধু যমুনা নয়, নতুন করে প্রধানমন্ত্রীর জন্য একটি আধুনিক ও স্থায়ী সরকারি বাসভবন নির্মাণের পরিকল্পনাও চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপত্তা, প্রশাসনিক সুবিধা ও প্রটোকল ব্যবস্থাকে গুরুত্ব দিয়েই প্রাথমিক পরিকল্পনা নেয়া হয়েছে।

আরও পড়ুন<<>>নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বাসভবন শুরু একটি বাড়িই নয়, বরং এটি আমাদের ঐতিহ্য এবং বাংলাদেশের মর্যাদার প্রতীক। এ প্রতীক যাতে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ হয় এবং যেকোন দেশের প্রধানমন্ত্রীর বাসভবনের থেকে যাতে আমরা পিছিয়ে না থাকি, সেভাবে তুলনা করেই আমরা একটি পরিকল্পনা করেছি। 

প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে অনিশ্চয়তা থাকলেও রাষ্ট্রীয় অতিথিভবন যমুনার পাশেই ২৯ নম্বর ভবন প্রস্তুত রাখা হয়েছে বিরোধী দলীয় নেতার জন্য। নব্বইয়ের দশকে এ ভবনটি বরাদ্দ ছিলো তৎকালীন বিরোধী নেতাদের জন্য।  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে তিনি থাকছেন গুলশানের ১৯৬ নম্বরের ভাড়া বাসায়। দায়িত্ব নেয়ার পর তিনি সেখানেই থাকবেন নাকি অন্য কোথাও—তা নির্ভর করবে একান্তই তার সিদ্ধানের ওপর। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়