ফাইল ছবি।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নিয়েছেন ১৭ ফেব্রুয়ারি। ওইদিন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথগ্রহণ করেন। এখন রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা, জল্পনা-কল্পনা কে হচ্ছেন স্পিকার ও ডেপুটি স্পিকার। ইতোমধ্যে সংসদ অধিবেশনের একটি সম্ভব্য তারিখ জানানো হয়েছে ১২ মার্চের মধ্যে।
এর আগে বিএনপি সরকার গঠন করার পর পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম সংসদে স্পিকার নিয়োগ দেয়া হয়েছিল আইনজীবীদের মধ্য থেকে। এবারও যাদের নাম আলোচিত হচ্ছে তাদের মধ্যে রয়েছেন দুইজন আইনজীবী।
দুজনই আদালত অঙ্গনের পরিচিত মুখ অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সুপ্রিম কোর্ট বারের বর্তমান সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন। এর বাইরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নামও আলোচনায় রয়েছে।
১. অ্যাডভোকেট জয়নুল আবেদীন
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি তিনি। বরিশাল-৩ আসন থেকে নির্বাচিত এ নেতা তারেক রহমান ও খালেদা জিয়ার আইনি লড়াইয়ে সামনের সারিতে ছিলেন। তৃণমূল ও আদালত অঙ্গনে তার ব্যাপক জনপ্রিয়তা তাকে স্পিকার পদের দৌড়ে এগিয়ে রেখেছে।
২. ড. আব্দুল মঈন খান
বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও অভিজ্ঞ রাজনীতিবিদ। নরসিংদী থেকে আসা মঈন খান এর আগে মন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তার মার্জিত ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ইমেজ স্পিকার পদের জন্য অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ।
৩. জয়নুল আবদিন ফারুক
তিনি একজন ঝানু রাজনীতিবিদ ও ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নবম সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে তার বলিষ্ঠ ভূমিকা ছিল। সংসদীয় রীতিনীতি ও পরিচালনা সম্পর্কে তার দীর্ঘ অভিজ্ঞতা তাকে এ পদের অন্যতম শক্তিশালী দাবিদার করেছে।
৪. ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
নোয়াখালী-১ আসন থেকে বিজয়ী ব্যারিস্টার খোকন বর্তমানে সুপ্রিম কোর্ট বারের সভাপতি। আইনি অঙ্গনে তার সক্রিয়তা ও দলের প্রতি আনুগত্য তাকে শীর্ষ আলোচনায় নিয়ে এসেছে। তরুণ ও অভিজ্ঞ আইনজীবীদের মধ্যে তার বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে।
বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার : গণভোটে ‘হ্যাঁ’ ভোট জেতার ফলে দেশের শাসনব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসছে। জাতীয় সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নিয়োগ দেয়া হবে।
এবার সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকবেন জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের বিজয়ী সংসদ সদস্যরা। তাদের মধ্যে ডেপুটি স্পিকার পদে আলোচনায় আছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আছে মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমানের নামও। তবে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সম্ভাবনা বেশি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































