Apan Desh | আপন দেশ

আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন কোচ সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১২, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:১৮, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন কোচ সালাউদ্দিন

আসিফ নজরুল ও মোহাম্মদ সালাউদ্দিন: ফাইল ছবি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংগ্রহণ না করা নিয়ে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল চরম মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ নজরুলের ‘ইউ-টার্ন’ প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের পেছনে ১৯ দিনের ব্যবধানে দুই রকম দাবি করেছিলেন আসিফ নজরুল। শুরুতে তিনি বলেছিলেন এটি সরকারের সিদ্ধান্ত, কিন্তু পরে দায় চাপান ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের ওপর।

এ প্রসঙ্গে কোচ সালাউদ্দিন বলেন, উনি একেবারে মিথ্যা কথা বলেছেন। আমি নিজেও একজন শিক্ষক, জানি শিক্ষকরা একটু কম মিথ্যা বলেন। কিন্তু উনি এভাবে খাঁড়ার ওপর মিথ্যা বলবেন, এটা আমি ভাবতেই পারছি না। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ হয়ে কীভাবে এভাবে ‘ইউ-টার্ন’ নিলেন, সেটা আসলে আমার ভাবনার বাইরে। মানে কীভাবে মানবো এটা, আসলে আমার বলার মতো নয় যে উনি কী বলে আসলেন আর এসে কীভাবে ইউ-টার্ন নিলেন।

গত ২২ জানুয়ারি আসিফ নজরুল বলেছিলেন, সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে বিশ্বকাপে না খেলা সরকারের সিদ্ধান্ত। কিন্তু পরবর্তীতে অবস্থান পরিবর্তন করায় ক্রিকেটারদের মধ্যে চরম হতাশা তৈরি হয়।

সালাউদ্দিন আক্ষেপ করে বলেন, একটা ছেলে যখন বিশ্বকাপ খেলে, সে তার ২৭ বছরের স্বপ্ন নিয়ে মাঠে নামে। আপনি এক সেকেন্ডে সে স্বপ্ন নষ্ট করে দেবেন! দেশের স্বার্থে ত্যাগ স্বীকার করা যায়। কিন্তু যদি বলেন ক্ষতির কথা, ব্যক্তিগত ক্ষতির কথা আমি বলবো— একটা ছেলের, একটা মানুষের স্বপ্ন আমরা সম্পূর্ণ শেষ করে দিচ্ছি।

আরও পড়ুন<<>>পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বিশ্বকাপ বঞ্চিত হওয়ার মানসিক ধাক্কা কতটা ভয়াবহ ছিল, তার এক লোমহর্ষক বর্ণনা দেন এ অভিজ্ঞ কোচ। তিনি জানান, আমি তো জানি আমার দুইজন ক্রিকেটার (মানসিকভাবে) কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে তারা কোথাও হারিয়ে গিয়েছিল। তাদের যে আবার টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি, এটাই আমার কোচিং জীবনের সবচেয়ে বড় সাফল্য, সে মাঠে এসে আবার রান করেছে।

বিশ্বকাপের এ ক্ষত ভুলে খেলোয়াড়দের সামনে তাকানোর তাগিদ দিয়ে সালাউদ্দিন বলেন, অধিনায়ক বা ক্রিকেটাররা এক-দেড় বছর ধরে প্রস্তুতি নিয়েছিল। তাদের জন্য এটা কতটা বেদনাদায়ক, সেটা তারাই জানে। আমরা যতই সান্ত্বনা দেই, যতই অনুপ্রেরণা দেই, যতই বকাঝকা করি, ক্ষতিটা তাদেরই হয়েছে।

তবু শেষ কথা হিসেবে তিনি বলেন, তবে আমার মনে হয় যে এটাও আসলে ওভারকাম করতে হবে। এটাও কাটিয়ে ওটা তাদের শিখতে হবে। মাঝে মাঝে আপনাকে চরম সত্যি থেকে আসলে বাধ্য হবে। মেনে নিতে হবে, একটু মেনে নিতে হবে। 

উল্লেখ্য, নিরাপত্তার অজুহাতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়ার সরকারি সিদ্ধান্তের কারণে বাংলাদেশ এবারের আসরে দর্শক হয়েই আছে, যা দেশের ক্রিকেট ইতিহাসে এক নজিরবিহীন বিতর্ক সৃষ্টি করেছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়