ছবি : আপন দেশ
গণমাধ্যমকে কুক্ষিগত করতে দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠভাবে কাজ করতে দিতে হবে। আমি গণমাধ্যমের অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছি। গণমাধ্যমের ওপর কোনো গোষ্ঠীকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না।’
শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশালে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘বাংলার মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় কখনো আপস করেনি, ৫২-এর ভাষা আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান এর প্রমাণ। মহান ভাষা দিবসের চেতনা ছিল ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ।’
তিনি বলেন, ‘দেশে আর কোনো ভিন্নপন্থা অবলম্বন করে ক্ষমতা দখল করা যাবে না। নির্বাচনই হবে ক্ষমতা দখলের একমাত্র পন্থা।’
বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন অনুসারে দেশে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড দেয়া হবে। আগামী মাস থেকে এ কার্ডের কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে এ ফ্যামিলি কার্ডে নগদ অর্থ প্রদান করা হবে। দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্য এই কার্ডের মালিক হবেন।’
তিনি বলেন, ‘একটি গ্রুপ মবকে প্রশ্রয় দিচ্ছে। এটা প্রশাসনের একটি পক্ষ সায় দিচ্ছে। দেশে আর মবকে প্রশ্রয় দেয়া হবে না। প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। একই সঙ্গে যারা প্রশাসনকে ব্যবহার করবে তাদেরও সচেতন থাকতে হবে। প্রশাসনকে ভুল কাজে ব্যবহার করা যাবে না।’
আরও পড়ুন : তাপমাত্রা নিয়ে আগামী ৫ দিনের পূর্বাভাস
রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আন্দোলন করেছি এটা কোনো পেশা নয়। আমাদের আন্দোলন বাধ্য করা হয়েছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। আমরা এমন কোনো কাজ করব না, যাতে আমাদের বিরুদ্ধে আন্দোলন হয়।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































