ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর এবারের নিলামকে ঘিরে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা। আসন্ন আসরের নিলামে অংশ নিতে একসঙ্গে ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। যা টুর্নামেন্টটির ইতিহাসে বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে এ নিলাম।
এবারের তালিকায় জায়গা পেয়েছেন জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের পরিচিত এবং নিয়মিত পারফরমাররা। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ পাউন্ড, যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। আন্তর্জাতিক ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিক পারফরম্যান্স, বিশেষ করে ডেথ ওভারে কার্যকর বোলিং দক্ষতার কারণেই তিনি এ উচ্চ মূল্যমানের তালিকায় জায়গা পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের। যার ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের হয়ে অভিষেক মৌসুমেই ১৩ উইকেট নিয়ে আলোচনায় আসেন তিনি। পাশাপাশি পাকিস্তান সুপার লিগে দল পাওয়ায় আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদা আরও বেড়েছে।
অন্যদিকে বাকি ২১ জন বাংলাদেশি ক্রিকেটারের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার পাউন্ড করে। এ তালিকায় রয়েছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান ও সৌম্য সরকার। জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই তারা নিলামের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
আরও পড়ুন <<>> এশিয়ান আর্চারিকে আড়াই কোটি টাকা অনুদান কাতারের
তবে এবারের নিলামে সবচেয়ে আলোচিত অনুপস্থিত নাম সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখ হলেও তিনি এবার নিলামে নাম দেননি, যা অনেক ক্রিকেটপ্রেমীকেই বিস্মিত করেছে।
২০২১ সালে যাত্রা শুরু করা ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার চূড়ান্ত দলে সুযোগ পাননি। ফলে এবারের নিলাম বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। জানা গেছে, বিশ্বের ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার ক্রিকেটার এবারের নিলামে নিবন্ধন করেছেন, যা প্রতিযোগিতাকে আরও কঠিন করে তুলেছে।
আগামী ২১ জুলাই শুরু হতে যাওয়া টুর্নামেন্টে শেষ পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার দল পান কি না, সেটিই এখন দেখার বিষয়। তবে একসঙ্গে ২৩ জন ক্রিকেটারের নিলামে অংশগ্রহণ বিশ্ব ক্রিকেটের বাজারে বাংলাদেশের ক্রমবর্ধমান উপস্থিতি ও গ্রহণযোগ্যতারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































