বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাবে আইসিসির অন্যায্য সিদ্ধান্তে এবারের আসরে খেলতে পারছে না বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান।
পিসিবির এ ঘোষণায় কঠিন সঙ্কটে পড়েছে আইসিসি। পাকিস্তানকে খেলাতে রাজি করাতে নিয়মিত যোগাযোগ চলছে আইসিসি। তবে সিদ্ধান্তে অনড় রয়েছে পিসিবি। এমন পরিস্থিতিতে রোববার লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকে বসছে আইসিসি।
বৈঠকে যোগ দিতে শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত ১টায় লাহোরের উদ্দেশে ঢাকা ছাড়েন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জরুরি এ বৈঠকে বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা। বৈঠক শেষে রোববার বিকেলে বিসিবিপ্রধানের ঢাকায় ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন<<>>পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনে বিপদে আইসিসি
শুরু থেকেই বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার সিদ্ধান্তকে অন্যায্য বলে দাবি করে আসছে পিসিবি। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি প্রথমে পুরো বিশ্বকাপ বয়কটের হুমকি দেন। পরে পাকিস্তান সরকার জানায়, বাংলাদেশের পাশে দাঁড়ানোর প্রতীকী সিদ্ধান্ত হিসেবে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না।
ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে আইসিসি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর আর্থিক স্বার্থ অনেক বড়। এ কারণেই দ্রুত সমাধান চায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ধারণা করা হচ্ছে, পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে, তাহলে আইসিসির ক্ষতি হতে পারে অন্তত ৬ হাজার কোটি রুপি। মূলত সে কারণেই এ ম্যাচটা যে কোনো মূল্যে মাঠে গড়াতে চায় আইসিসি, এমন মরিয়া উদ্যোগের নেপথ্যেও আছে সে কারণই।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































