বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান
বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বখ্যাত এ অলরাউন্ডারের পাশে রয়েছে বহু রেকর্ড। তারমধ্যে একটি হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী। কিন্তু এবারের আসরে তিনি নেই, শুধু তিনিই নন, তার দেশই এবার খেলছে না বিশ্বকাপে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র ক্রিকেটার হিসেবে ৫০ উইকেটের মালিক সাকিব। মানে উইকেটের ফিফটি! ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের এ বিশ্বকাপে আর কোনো বোলারের ৪০ উইকেটও নেই। তার টি-টোয়েন্টি বিশ্বকাপ অধ্যায় ২০২৪ সালেই শেষ হয়েছে বলা যায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন শহীদ আফ্রিদি। ২০১৬ সালে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা সাবেক এ অলরাউন্ডারের উইকেট ৩৯টি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিদির কাছ থেকে রেকর্ডটি কেড়ে নেন সাকিব।
তালিকায় এরপর আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৮ উইকেট নেয়া মালিঙ্গা সর্বশেষ আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলেছেন ২০২০ সালের মার্চে, এটিই ছিল তাঁর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ।
আরও পড়ুন<<>>নেপালে বাংলাদেশ-ভারত শিরোপা লড়াই আজ
আফ্রিদি ও মালিঙ্গা মাঠের ক্রিকেট ছেড়েছেন। তাহলে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের জন্য হুমকি কারা? দুই লেগ স্পিনার-শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আফগানিস্তানের রশিদ খান। এ দুই লেগ স্পিনারেরই টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেট ৩৭টি করে। দুজনেই আছেন দারুণ ছন্দে।
বিশ্বকাপে প্রতিটি দল অন্তত ৪টি করে ম্যাচ খেলবে। ৪ ম্যাচে কি ১৩ উইকেট নিয়ে সাকিবের উচ্চতায় পৌঁছাতে পারবেন হাসারাঙ্গা ও রশিদ? কাজটা কঠিন। তবে সুপার এইটে গেলে আরও ৩টি ম্যাচ খেলার সুযোগ পাবেন তারা। সুযোগটা স্বাভাবিকভাবেই তখন বেশি থাকবে। তবে এরপরও ১৩ উইকেট নিতে হলে দারুণ এক টুর্নামেন্ট কাটাতে হবে তাদের।
কারণ, ৫০ উইকেট নেয়া সাকিবও কখনো এক আসরে ১৩ উইকেট পাননি। সাকিব সর্বোচ্চ ১১ উইকেট পেয়েছেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। দ্বিতীয় সর্বোচ্চ ১০ উইকেট পেয়েছেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপটা সাকিবের বল হাতে বেশ খারাপই গেছে। উইকেট নিয়েছিলেন মাত্র ৩টি। না হলে আরও কিছু উইকেট বেশি থাকত তার!
পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড ৮ ম্যাচে ১৬টি। সেটি হাসারাঙ্গাই নিয়েছিলেন ২০২১ আসরে। ম্যাচসংখ্যাটা এখানে খুব গুরুত্বপূর্ণ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































