ছবি: সংগৃহীত
বার্সেলোনার জার্সিতে প্রথমবারের মতো গোল করে আবেগে ভেসেছেন কিশোর মিডফিল্ডার মার্ক বার্নাল। লা লিগার ম্যাচে মায়োর্কার বিপক্ষে কাতালানদের হয়ে তৃতীয় গোলটি করেন ১৮ বছর বয়সী এ ফুটবলার। শনিবার রাতে অনুষ্ঠিত এ ম্যাচে ৩–০ গোলে জয় পায় বার্সা।
এর আগে রবার্ট লেভানডভস্কি ও লামিনে ইয়ামালের গোলে এগিয়ে যায় বার্সা। এ জয়ে শীর্ষে থাকা বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টে এগিয়ে গেল, যদিও ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের ম্যাচ তখনও বাকি ছিল।
২০২৪ সালে মাত্র তৃতীয় সিনিয়র ম্যাচেই এসিএল চোটে পড়েছিলেন বার্নাল। দীর্ঘ পুনর্বাসনের পর গত সেপ্টেম্বর মাঠে ফেরেন তিনি। কোচ হানসি ফ্লিক ধীরে ধীরে ম্যাচ ফিটনেস বাড়ানোর অংশ হিসেবেই তাকে সুযোগ দিচ্ছিলেন।
আরও পড়ুন<<>>পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনে বিপদে আইসিসি
গোল করার পর বার্নাল বলেন, বার্সার হয়ে প্রথম গোল করা তার জন্য বিশেষ কিছু। ছোটবেলার স্বপ্নের মতোই অনুভূতি হয়েছে এ মুহূর্তটি। গত এক বছরে চোটের কারণে যে কঠিন সময় পার করতে হয়েছে, গোলের পর সে সব স্মৃতিই চোখের সামনে ভেসে উঠেছিল বলেও জানান তিনি।
কোচ হানসি ফ্লিকও বার্নালের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন। তার মতে, শীর্ষ পর্যায়ে পুরোপুরি ফিরে আসার পথে এটি বার্নালের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ।
এ ম্যাচে ইয়ামালও আলো ছড়ান। প্রায় ৩০ গজ দূর থেকে দারুণ এক শটে গোল করেন তিনি। এটি তার গত সাত ম্যাচে ষষ্ঠ গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ ম্যাচে ১৫তম গোল।
তবে ম্যাচের প্রথমার্ধ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না ফ্লিক। তার ভাষায়, শুরুতে খেলায় গতি ও ধার ছিল না। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে দলকে ভিন্ন রূপে দেখা যাবে বলে আশাবাদী বার্সা কোচ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































