Apan Desh | আপন দেশ

বিপিএলে না থাকার আবেদন চট্টগ্রাম র‌য়্যালসের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৪, ২৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:৪১, ২৫ ডিসেম্বর ২০২৫

বিপিএলে না থাকার আবেদন চট্টগ্রাম র‌য়্যালসের

চট্টগ্রাম রয়্যালস

সব প্রস্তুতি শেষ। আর মাত্র ২৪ ঘন্টা বাদেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। ঠিক সে মুহুর্তে এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের আবেদন করেছে চট্টগ্রাম রয়্যালস। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দলটির মালিক কাইয়ুম রশিদ বিসিবি বরাবর চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন। 

এদিন সকালে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম রয়্যালসের মালিক কাইয়ুম রশিদ চিঠিতে লিখেছেন, আর্থিক সমস্যার কারণে আসন্ন বিপিএলে খেলতে চান না তারা। 

গত কয়েক সপ্তাহ ধরেই নানা কারণে আলোচনার শীর্ষে ছিল চট্টগ্রাম রয়্যালস। মেন্টর হিসেবে হাবিবুল বাশার সুমনকে নিয়োগ দিলেও তিনি পদত্যাগ করেন। তারপর বিমানবন্দর থেকে খেলোয়াড়দেরকে টিম হোটেলে নেয়ার সময় দেখা যায় অব্যবস্থাপনা। টুর্নামেন্ট শুরুর দুই দিন আগেও দেখা যায় তাদের টিম বাস প্রস্তুত হয়নি। এছাড়া পারিশ্রমিক না পাওয়ায় বিদেশি ক্রিকেটাররা আসতে চাইছেন না।

আরও পড়ুন<<>>বিপিএল নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

নিলাম ও সরাসরি চুক্তি থেকে দলে ভেড়ানো অ্যাঞ্জেলো পেরেরা, নিরোশান ডিকভেলা, পল স্টার্লিং ও আবরার আহমেদ আসছেন না খেলতে। তাদের হাতে এখন কেবল আছে দুইজন বিদেশি ক্যামেরন ডেলপোর্ট ও কামরান গুলাম। তবে তারা দুইজনও এখনো দলের সঙ্গে যোগ দেননি। সবমিলিয়ে টালমাটাল অবস্থা চট্টগ্রাম রয়্যালসের। তবে এ দলটিই নিলাম থেকে সবচেয়ে বেশি দামে দলে ভিড়িয়েছে নাঈম শেখকে, যার পরিমাণ ১ কোটি ১০ লাখ টাকা!

চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেয়া হয়েছিল ‘ট্রায়াঙ্গুল সার্ভিসেস’ নামে একটি প্রতিষ্ঠানকে। শুরু থেকেই নানারকম নেতিবাচক আলোচনা চলছিল দলটিকে ঘিরে। নিয়মানুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করতে হয়। এ নিয়ম না মানায় বিদেশি ক্রিকেটাররা আসছেন না। এছাড়া বিসিবিকে ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি।

চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াড : নাঈম শেখ (১ কোটি ১০ লাখ), শরিফুল ইসলাম (৪৪ লাখ), আবু হায়দার রনি ( ২২ লাখ), মাহমুদুল হাসান জয় ( ৩৭ লাখ), মাহফিজুল ইসলাম রবিন (২২ লাখ), সুমন খান (৩২ লাখ), জিয়াউর রহমান (৩০ লাখ), আরাফাত সানি (১৮ লাখ), মুকিদুল ইসলাম মুগ্ধ (৩৩ লাখ), শুভাগত হোম (১৪ লাখ), সালমান হোসেন (১৪ লাখ), জাহিদুজ্জামান খান (১১ লাখ), শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলাম।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়