ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। নিরাপদ বিনিয়োগের চাহিদা বেড়ে যাওয়ায় স্বর্ণের বাজারে এ উত্থান দেখা যাচ্ছে। শুক্রবার (০৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪২ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৩ দশমিক ৭৬ ডলারে।
এদিকে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্স ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১০২ দশমিক ১০ ডলারে পৌঁছেছে।
বাজার বিশ্লেষক জেইন ভাওদা বলেন, ভূরাজনৈতিক ঝুঁকি এখনো স্বর্ণের দাম বাড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরানকে ঘিরে চলমান সংকট দ্রুত সমাধানের কোনো ইঙ্গিত এখনো দেখা যাচ্ছে না। তবে তেলের দাম বাড়ার ফলে সম্ভাব্য মূল্যস্ফীতির আশঙ্কা স্বর্ণের দামের ঊর্ধ্বগতিকে কিছুটা সীমিত করতে পারে।
বিশ্লেষকদের মতে, স্বর্ণকে দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার কম থাকলে স্বর্ণ সাধারণত বেশি ভালো পারফর্ম করে। কারণ এতে কোনো সুদ বা আয় পাওয়া যায় না। চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ১৮ শতাংশের বেশি বেড়েছে।
অন্যদিকে স্পট মার্কেটে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপার দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮২ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ২ হাজার ১২৩ দশমিক ০৮ ডলার। আর প্যালাডিয়ামের দাম ০ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩২ দশমিক ১৩ ডলারে।
আরও পড়ুন <<>> কাঁচাবাজারে কিছুটা স্বস্তি, মুরগির দাম বাড়তি
দেশের বাজারেও স্বর্ণের দাম বেশ উঁচুতে রয়েছে। বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































