Apan Desh | আপন দেশ

উত্তর কোরিয়ার বিপক্ষে বড় হার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৬, ৬ মার্চ ২০২৬

উত্তর কোরিয়ার বিপক্ষে বড় হার বাংলাদেশের

ছবি: বাফুফে

এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের অভিষেকেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিল বাংলাদেশের মেয়েরা। বর্তমান চ্যাম্পিয়ন চীনের সঙ্গে ২-০ গোলে হারলেও নজর কেড়েছিলেন আফঈদা-ঋতুপর্ণারা। তাই আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার মুখোমুখি হয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু ফিফা র‌্যাংকিংয়ে ১০৩ ধাপ উপরে থাকা দলটির সঙ্গে প্রত্যাশামত খেলতে পারেনি পিটার বাটলারের শিষ্যরা।

শুক্রবার (০৬ মার্চ) সকালে সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে তিন বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এদিন ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে উত্তর কোরিয়ার মেয়েরা। প্রথম ম্যাচে ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াই করলেও এদিন সেই লড়াকু চিত্র দেখা যায়নি বাংলাদেশের খেলায়। উল্টো ফিফা র‌্যাংকিং নবম স্থানে থাকা উত্তর কোরিয়া প্রেসিং ও দ্রুত ওয়ান-টাচ ফুটবলে পুরো ম্যাচে বাংলাদেশকে চাপে রাখে।

এদিন বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। ডিফেন্সে অভিজ্ঞ শিউলি আজিম ও মিডফিল্ডার উমেহলা মারমা দলে ছিলেন না। তাদের জায়গায় সুযোগ পান তহুরা খাতুন ও আইরিন খাতুন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উত্তর কোরিয়া। একের পর এক আক্রমণে ব্যস্ত সময় কাটাতে হয় বাংলাদেশের রক্ষণভাগকে। ষষ্ঠ মিনিটে বক্সে ঢুকে ফাঁকা জায়গা থেকে জিন হংয়ের শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে কোনওমতে ঠেকান গোলরক্ষক মিলি আক্তার। ১৪ ও ২৭ মিনিটে উত্তর কোরিয়া বল জালে জড়ালেও ভিএআর দেখে দুটি গোলই বাতিল করা হয়। ৩৮ মিনিটে কিয়ং ইয়ংয়ের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এর কিছুক্ষণ পর হাং জিন হংয়ের শট অল্পের জন্য সাইডবার ঘেঁষে বাইরে যায়।

আরও পড়ুন<<>>উ. কোরিয়ার বিপক্ষে দুই গোলে পিছিয়ে বাংলাদেশ

প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়। স্বপ্না, উমেহলা মারমা ও আনিকা রানিয়া সিদ্দিকী মাঠে নামেন। তবে তাতেও খেলার চিত্র বদলায়নি।

বিরতির ঠিক আগে পেনাল্টি পায় উত্তর কোরিয়া। অধিনায়ক আফঈদা খন্দকার বক্সে প্রতিপক্ষের একজনকে ফেলে দিলে লেবাননের রেফারি স্পটকিকের নির্দেশ দেন। সে সুযোগ কাজে লাগিয়ে মিয়ং ইয়ো জং সহজেই গোল করে দলকে এগিয়ে দেন। এর কিছুক্ষণ পর কিম ইয়ং ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন। ২–০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরও একই ধারায় খেলতে থাকে উত্তর কোরিয়া। ৬২ মিনিটে চে উন ইয়ং ফাঁকা জায়গা থেকে গোল করে ব্যবধান ৩–০ করেন। পরের মিনিটে কিম ইয়ং কিয়ংয়ের জোরালো শটে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ। ডান দিকে ঝাঁপিয়েও বল ঠেকাতে পারেননি গোলরক্ষক মিলি।

৬৯ মিনিটে হং সং ওকের শট মিলির গায়ে লেগে প্রতিহত হয়। তবে ম্যাচের শেষদিকে আরেকটি গোল হজম করতে হয় বাংলাদেশকে। ৯০ মিনিটে মিয়ং গুমের ক্রস থেকে হেড করে স্কোরলাইন ৫–০ করেন উত্তর কোরিয়ার এক ফরোয়ার্ড।

টানা দুই ম্যাচে হারলেও কোয়ার্টার ফাইনালের আশা এখনও পুরোপুরি শেষ হয়নি বাংলাদেশের। আগামী ৯ মার্চ পার্থে শেষ গ্রুপ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। সে ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ তৈরি হতে পারে। ড্র হলে তখন হিসাব গড়াবে গোল ব্যবধানে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়