নারী বিশ্বকাপ ফুটবলের নতুন চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। রোববার (২০ আগস্ট) অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডকে ০-১ গোলে হারিয়েছে স্পেন। ম্যাচের প্রথমার্ধে শিরোপা নির্ধারণী একমাত্র গোলটি করেন ‘লা রোহা’ অধিনায়ক ওলগা কারমোনা।
এক বছর আগে এই ‘লা রোহা’দের ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় করেছিল ইংল্যান্ড। এবার বিশ্বকাপের ফাইনালেই যেন তারই শোধ নিল স্পেনের মেয়েরা।
এদিন প্রথমার্ধের ২৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন স্পেনের অধিনায়ক ওলগা কারমোনা। সেই গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্পেন। বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও সফল হতে পারেনি তারা। অপরদিকে ইংল্যান্ডও ্ অর্ধে কোনো গোল করতে না পারায় ম্যাচে ফিরতে পারেনি। ফলে প্রথমবার প্রথম ফাইনালে উঠেও ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিশ্বকাপে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো।
এর সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের পর জাপানও বিদায় নেওয়ায় নির্ধারিত হয়ে যায় এবার নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে নারী বিশ্বকাপ ফুটবল। তবে সেই নতুন ইংল্যান্ড নাকি স্পেন- সে প্রশ্নই কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছিল ফুটবল বিশ্বে। যুক্তরাষ্ট্র, নরওয়ে, জার্মানি ও জাপানের পর শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নের তালিকায় নাম লেখালো স্পেন।
স্পেনের বিশ্বকাপে অভিষেক হয়েছিল ২০১৫ সালে কানাডায়। প্রথমবার বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকেই। ফ্রান্সে অনুষ্ঠিত পরের আসরে গ্রুপপর্ব টপকে নকআউট পর্বে উঠে তারা পড়েছিল যুক্তরাষ্ট্রের সামনে। সেখান থেকেই বিদায় নিয়েছিল স্পেনের মেয়েরা। সেই স্পেন নিজেদের তৃতীয় অংশগ্রহণে করলো বিশ্বকাপ বাজিমাত।

বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারানোর মাধ্যমে স্পেন একটা প্রতিশোধও নিয়েছে। গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপে স্বাগতিকদের কাছে অতিরিক্ত সময়ের গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল স্প্যানিশ মেয়েরা। ঠিক ১১ মাসের মাথায় সেই ইংল্যান্ডের বিপক্ষে প্রতিশোধ নিয়ে নারী ফুটবলের সবচেয়ে বড় সাফল্য তুলে নিয়েছে জাভি-ইনিয়েস্তার দেশের মেয়েরা।
ইউরো চ্যাম্পিয়ন বলেই বিশ্বকাপের ফাইনালে ফেবারিট হিসেবে ইংল্যান্ডকেই এগিয়ে রেখেছিল বেশিরভাগ ফুটবলবোদ্ধা। ফিফার র্যাংকিংয়েও দুইধাপ ওপরে ইংল্যান্ড। কিন্তু এসব হিসেবে-নিকেশ বদলে দিয়ে সিডনি স্টেডিয়ামে স্পেন গড়েছে নতুন ইতিহাস। দেশটির নারী ফুটবল এখন বিশ্বের সেরা দল।
২০ জুলাই নিউজিল্যান্ডের ইডেনপার্কে নরওয়ের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছিল এবারের নারী বিশ্বকাপ ফুটবল। দীর্ঘ এক মাস ফুটবলামোদীরা মেতে ছিল নারী বিশ্বকাপ নিয়ে। নিউজিল্যান্ড থেকে যাত্র শুরু করা বিশ্বকাপের পর্দা নামলো অস্ট্রেলিয়ায়।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































