ছবি: সংগৃহীত
বিশ্বের বিভিন্ন দেশে বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হঠাৎ বড় ধরনের সমস্যায় পড়েছেন। পূর্ব সতর্কতা ছাড়াই তাদের অ্যাকাউন্ট ‘আন্ডার রিভিউ’তে পাঠিয়ে ২৪ ঘণ্টার জন্য প্রায় সব সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ।
ফলে বার্তা পাঠানো, গ্রহণ করা এবং স্বাভাবিকভাবে অ্যাপ ব্যবহার করতে পারছেন না অনেকেই। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন ব্যবহারকারীরা।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩ আগস্ট) রাত থেকেই বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এ সমস্যার কথা জানাতে শুরু করেন। অ্যাপে একটি বার্তা ভেসে ওঠে। সেখানে বলা হয়, ব্যবহারকারীর অ্যাকাউন্টের কার্যক্রম এবং ব্যবহৃত ডিভাইসের তথ্য হোয়াটসঅ্যাপের সেবার শর্তাবলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করা হচ্ছে। সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে পর্যালোচনার ফল জানানো হবে বলেও উল্লেখ করা হয়।
ঘটনার বিষয়ে হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র জানিয়েছেন, প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ এবং ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিয়মিত সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্ত করে পর্যালোচনার আওতায় আনে। তবে স্বয়ংক্রিয় এ প্রক্রিয়ায় কখনো কখনো বৈধ অ্যাকাউন্টও ভুলবশত চিহ্নিত হতে পারে। এমন ঘটনা ঘটলে দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করা হয় বলে জানান তিনি।
রিভিউ নোটিশের নিচে ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহারের নির্দেশনা এবং ‘চুরি হওয়া ফোন ও অ্যাকাউন্ট’–সংক্রান্ত সহায়তামূলক তথ্য দেখার সুবিধাও যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন <<>> সারাক্ষণ ওয়াইফাই চালু রাখলে বিদ্যুৎ খরচ কত
তবে এ ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেক ব্যবহারকারী। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা অভিযোগ করেছেন, কোনো ধরনের নিয়ম ভঙ্গ না করেও তাদের অ্যাকাউন্ট হঠাৎ করে সীমিত করে দেয়া হয়েছে। কেউ কেউ জানিয়েছেন, তারা কেবল হোয়াটসঅ্যাপের অফিসিয়াল সংস্করণই ব্যবহার করেন। তবুও কোনো কারণ না জানিয়ে তাদের অ্যাকাউন্ট রিভিউতে পাঠানো হয়েছে।
বিশেষ করে যাদের ব্যক্তিগত, পারিবারিক কিংবা পেশাগত যোগাযোগের প্রধান মাধ্যম হোয়াটসঅ্যাপ, তাদের জন্য এ সাময়িক নিষেধাজ্ঞা বড় ধরনের ভোগান্তি তৈরি করেছে। অনেকেই দ্রুত সমস্যার সমাধান এবং এ ধরনের পর্যালোচনা প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার দাবি জানিয়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































