ছবি: সংগৃহীত
মহাকাশপ্রেমীদের জন্য বিরল এক মহাজাগতিক ঘটনার অপেক্ষা করছে ২০২৭ সালের ২ আগস্ট। সেদিন আকাশে দেখা যাবে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে স্থলভাগ থেকে দৃশ্যমান সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
এ গ্রহণে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত পূর্ণ অন্ধকার নেমে আসতে পারে। সাধারণত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তিন মিনিটেরও কম সময় স্থায়ী হয়। ফলে এটিকে অত্যন্ত বিরল ঘটনা হিসেবে দেখছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা গ্রহণটির নাম দিয়েছেন গ্রেট নর্থ আফ্রিকান ইক্লিপস। এর পূর্ণ গ্রহণপথ হবে প্রায় ২৫৮ কিলোমিটার বিস্তৃত এবং এটি তিনটি মহাদেশ অতিক্রম করবে।
আটলান্টিক মহাসাগর থেকে শুরু হয়ে চাঁদের ছায়া দক্ষিণ স্পেন, উত্তর মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মধ্য মিসর, সুদান, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়ার ওপর দিয়ে যাবে। পরে ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জের কাছে গিয়ে গ্রহণের সমাপ্তি হবে।
বিশেষ করে লুক্সর এবং লিবিয়ার কিছু অঞ্চলে ছয় মিনিটের বেশি সময় পূর্ণ অন্ধকার থাকতে পারে। আগস্টে এসব অঞ্চলে আকাশ সাধারণত পরিষ্কার ও শুষ্ক থাকে। তাই এগুলোকে গ্রহণ দেখার আদর্শ স্থান হিসেবে ধরা হচ্ছে।
আরও পড়ুন <<>> যেভাবে তৈরি করবেন ‘ক্রেয়ন স্টাইল’ ডিজাইন
কোথায় কখন দেখা যাবে
স্থানীয় সময় অনুযায়ী—
* দক্ষিণ স্পেনে দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে পূর্ণগ্রাস দেখা যেতে পারে।
* মিসর ও লিবিয়ায় দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে গ্রহণের মূল অংশ দৃশ্যমান হবে।
তবে ভারত এবং আশপাশের বেশিরভাগ দেশ থেকে এ পূর্ণগ্রাস দেখা যাবে না। ভারতের পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় সূর্যাস্তের কাছাকাছি সময়ে আংশিক গ্রহণ দেখা যেতে পারে।
কেন এত দীর্ঘ হবে এ গ্রহণ
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, কয়েকটি বিরল মহাজাগতিক অবস্থানের কারণে গ্রহণটি অস্বাভাবিক দীর্ঘ হবে।
সে সময় পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরের অবস্থান অর্থাৎ অ্যাফেলিয়নে থাকবে। ফলে সূর্যকে তুলনামূলক ছোট দেখাবে। একই সময়ে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করবে, তাই সেটিকে তুলনামূলক বড় দেখা যাবে।
এছাড়া গ্রহণের পথ বিষুবরেখার কাছাকাছি হওয়ায় চাঁদের ছায়া পৃথিবীর ওপর দিয়ে ধীরে অতিক্রম করবে। এ কারণেই গ্রহণের স্থায়িত্ব এত বেশি হবে।
এ বিরল দৃশ্য দেখার প্রস্তুতি ইতোমধ্যেই শুরু করেছেন বিশ্বের বিভিন্ন দেশের মহাকাশপ্রেমীরা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।


































