তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্ট বিলুপ্তি, শেখ হাসিনার পদত্যাগসহ বিএনপির কোনো দাবি মেনে নেয়া হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। মন চাইলে নির্বাচনে আসবেন, না হয় যা মন চায় তা করেন। বিএনপির উদ্দেশে এ কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এ আলোচনা সভার আয়োজন করে।
যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোনো দেশেই ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে না। শুধুমাত্র বাংলাদেশেই পান থেকে চুন খসলে আমাদের নিষেধাজ্ঞা দেবে, চুন থেকে পান খসলেই ভিসানীতি দেবে এমন হুমকি ধামকি দেয়।
আরও পড়ুন<<>> কেউ নির্বাচনকালীন সরকারে থাকতে চাইলে সেই সুযোগ পাবে: আমু
ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র আছে বলেই উন্নয়নের মুখ দেখছে বাংলাদেশ। বিএনপি এটার সুবিধা নেয়ার চেষ্টা করে। দেশের উন্নয়নে তারা প্রশংসা করতে পারে না। সব ক্ষমতার মালিক আল্লাহ, সেখানে বিএনপি কীভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে। আওয়ামী লীগের উন্নয়নে বিএনপির অন্তর্জ্বালা। পরাজয়ের ভয়ে বিএনপির এক দফা খাদে পড়ে মরণ যন্ত্রণায় ছটফট করছে। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের সংখ্যা কমে গেছে, তাদের মিছিল-সমাবেশে দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থ কমেছে। তারা আগুন নিয়ে খেলা করতে এলে, সেই হাত পুড়িয়ে দেয়া হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপিকে প্রতিপক্ষ মনে করে আর তারা আওয়ামী লীগকে শত্রু মনে করে। সেটার যাত্রা শুরু করেছিল ২১ আগস্ট। ১৫ আগস্ট, ২১ আগস্টসহ সব হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড জিয়া পরিবার সদস্যরা।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































