বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে নিরাপদ এবং অসাম্প্রদায়িক মানবতাবোধকে বাঁচিয়ে রাখতে হলে বিএনপি নামক অপশক্তিকে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তর থেকে যে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি এ দেশে শুরু হয়েছে সেই ধারাবাহিকতায় ১৫ আগস্ট, ৩ নভেম্বর বঙ্গবন্ধুর সহচর জাতীয় চার নেতা হত্যাকাণ্ড, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রনেড হামলা যার প্রধান টার্গেট ছিলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইভি রহমানসহ ২৩ জনের জীবন চলে গেল। এই সমুদয় ইতিহাসের পেছনে একটা দল বিএনপি। এই দলটি বাংলাদেশে হত্যা, ষড়যন্ত্রের হোতা।
তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার পরে যখন শাসক দল হিসেবে ক্ষমতায় ছিল তখন থেকে এই দলটি মূলত বাংলাদেশে হত্যা-ষড়যন্ত্রের রাজনীতির হোতা। তাদের পরাজিত করতে হবে। আজকে এটিই আমাদের অঙ্গীকার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবকে স্মরণ করে সেতুমন্ত্রী বলেন, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা। বঙ্গবন্ধুর জীবনের এই উত্তরণ। স্বাধীনতা সংগ্রাম। এই সমুদয় সংগ্রামে বেগম মুজিব তার শুধু সহধর্মিণী নন, তিনি ছিলেন তার নিবেদিতপ্রাণ সহযোদ্ধা।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর একেবারেই কাছের একজন বিজয় লক্ষ্মী নারী। তার আজ জন্মদিন। জন্মের আনন্দ বেদনার অশ্রুতে ঢেকে যায়। সে এক অনির্বচনীয় অনুভূতি।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































