Apan Desh | আপন দেশ

সুষ্ঠু ইউপি নির্বাচনে দলগুলোর সহযোগিতা চান সিইসি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১২, ২৯ নভেম্বর ২০২৬

সুষ্ঠু ইউপি নির্বাচনে দলগুলোর সহযোগিতা চান সিইসি

ছবি: আপন দেশ

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু ইউপি নির্বাচন করা সম্ভব নয়। নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী সংলাপের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেছেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত না হলেও নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রভাব থাকবে। তাই রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। নির্বাচন কমিশন (ইসি) একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চায় এবং এ লক্ষ্য অর্জনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

সিইসি বলেন, ইসির আমন্ত্রণে রাজনৈতিক দলগুলো সংলাপে অংশগ্রহণ করায় কমিশন মনে করে, দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে।

আরও পড়ুন <> ইসি সঙ্গে ১৫ রাজনৈতিক দলের সংলাপ আজ

এ ধরনের আলোচনার মাধ্যমে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও আস্থার পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করাই কমিশনের একমাত্র লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে কমিশন সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন নিয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলেও তার বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সিইসি।

নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে সিইসি বলেন, ভোটের সময় নানা ধরনের চ্যালেঞ্জ সামনে আসতে পারে। 

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশন এককভাবে নয়, সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চায়। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিটি ধাপে যাতে একই মান বজায় রেখে ভোটগ্রহণ করা যায়, সে জন্য কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে।

ইসি সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ করবে কমিশন। এতে মোট ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

আরও পড়ুন <> সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ায় লেনদেন চলছে

সংলাপে নির্বাচনের পরিবেশ, ভোটের নিরপেক্ষতা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং নির্বাচন পরিচালনায় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। 

এ ছাড়া নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাদা বৈঠক করার পরিকল্পনাও রয়েছে কমিশনের।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। 

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়সূচি অনুসারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে ১ হাজার ৪২টি, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, ২৯ এপ্রিল তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, ১৩ মে চতুর্থ ধাপে ৮১৩টি এবং ২৭ মে পঞ্চম ও শেষ ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়