ছবি: আপন দেশ
জনগণের সমস্যা, অভিযোগ ও নাগরিক দুর্ভোগের কথা সরাসরি জানতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঢাকা-৮ আসনের এমপি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। নিজের বাসভবন কার্যালয়ে স্থাপন করেছেন ‘অভিযোগ বাক্স’। এর মাধ্যমে এলাকার বাসিন্দারা লিখিতভাবে তাদের অভিযোগ, পরামর্শ ও প্রত্যাশার কথা সরাসরি এমপির কাছে পৌঁছে দিতে পারবেন।
ঢাকা-৮ আসনের যেকোনো নাগরিক এলাকার অনিয়ম, হয়রানি, চাঁদাবাজি, নাগরিক ভোগান্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সেবা পেতে জটিলতা এবং উন্নয়নসংক্রান্ত দাবি লিখিত চিঠির মাধ্যমে এ বাক্সে জমা দিতে পারবেন। অভিযোগকারীদের পরিচয় ও তথ্যের গোপনীয়তা রক্ষারও আশ্বাস দেয়া হয়েছে।
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস তার ফেসবুক পেজে এ উদ্যোগের বিস্তারিত তুলে ধরেছেন। এ বিষয়ে তার একান্ত সহকারী সোহেল আপন দেশকে বলেন, অভিযোগকারীদের পরিচয় শতভাগ গোপন রাখা হবে। জমা পড়া অভিযোগ ও পরামর্শ এমপি নিজে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
রাজধানীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক, বাণিজ্যিক ও রাজনৈতিক এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে রয়েছে মতিঝিল, পল্টন, রমনা, শাহবাগ ও শাহজাহানপুর থানা। সচিবালয়, বঙ্গভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বায়তুল মোকাররমসহ গুরুত্বপূর্ণ স্থাপনাও এ আসনের অন্তর্ভুক্ত।
আরও পড়ুন <<>> আ.লীগ একটি দেশকে সুবিধা দিতেই নৈরাজ্য করছে: মুসলিম ছাত্র ফেডারেশন
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। দীর্ঘদিন বিদেশে চিকিৎসাধীন থাকায় নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে তার সরাসরি যোগাযোগ সীমিত ছিল। এমন প্রেক্ষাপটে অভিযোগ বাক্স স্থাপনের উদ্যোগকে জনসম্পৃক্ততা বাড়ানোর একটি নতুন মাধ্যম হিসেবে দেখা হচ্ছে।
এলাকায় জনপ্রতিনিধির নাম ব্যবহার করে বিভিন্ন সুবিধা আদায় ও চাঁদাবাজির অভিযোগের প্রেক্ষাপটেও উদ্যোগটির গুরুত্ব রয়েছে। তবে অভিযোগ গ্রহণের পাশাপাশি দ্রুত নিষ্পত্তি ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করাই হবে এর মূল চ্যালেঞ্জ।
মির্জা আব্বাসের এ উদ্যোগ দেশের অন্যান্য এমপি ও মন্ত্রীদের জন্যও অনুসরণীয় হতে পারে। জনপ্রতিনিধিদের কাছে জনগণের অভিযোগ পৌঁছানোর এমন ব্যবস্থা সারাদেশে চালু হলে বাড়তে পারে জবাবদিহি, কমতে পারে নাগরিক ভোগান্তি এবং শক্তিশালী হতে পারে জনপ্রতিনিধি ও জনগণের সম্পর্ক।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































