Apan Desh | আপন দেশ

সরকার নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৮, ২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:২৮, ২ সেপ্টেম্বর ২০২৬

সরকার নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে: তিতুমীর

ছবি : আপন দেশ

দে‌শের চলমান জ্বালা‌নি সংকট সমাধা‌নে সরকার নবায়ন‌যোগ‌্য জ্বালা‌নিতে গুরুত্ব দি‌চ্ছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

‌তি‌নি ব‌লেন, বর্তমান জ্বালানি সংকট একটি ‘উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত’ সমস্যা, যা বিগত সরকারের আমদানি নির্ভর জ্বালানি নীতি এবং দেশীয় গ্যাস অনুসন্ধানে অনীহার ফসল।

বুধবার (০২ সেপ্টেম্বর) রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফ মিলনায়তনে ‘অর্থনৈতিক প্রেক্ষাপট ও উদীয়মান চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনার হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ‌দেষ্টা এসব ব‌লেন।

আমদানি নির্ভরতা ও ঋণের বোঝা উল্লেখ করে ড. তিতুমীর বলেন, কাতার থেকে ১১ ডলারে এলএনজি আমদানি করতে গিয়ে সরকারকে বিশাল ভর্তুকি দিতে হচ্ছে। যেখানে দেশীয় গ্যাস সরবরাহ থাকলে খরচ হতো মাত্র ৪ থেকে ৫ টাকা।

তিনি অভিযোগ করেন, ‘স্বজনতোষী পৃষ্ঠপোষকতা’ এবং ‘অলিগার্ক’ ব্যবস্থা টিকিয়ে রাখতে গ্যাস অনুসন্ধান না করে আমদানিকে অগ্রাধিকার দেয়া হয়েছিল, যার ফলে সাধারণ মানুষের ওপর ঋণের বোঝা বাড়ছে।

তিনি এই পরিস্থিতির জন্য ‘কষ্ট অফ ইনঅ্যাকশন’ বা সঠিক সময়ে সিদ্ধান্ত না নেয়ার ব্যয় এবং লুটপাটের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরার জন্য থিংক-ট্যাংক ও অর্থনীতিবিদদের প্রতি আহবান জানান। 

সৌরবিদ্যুৎ ও উৎপাদনকারী গ্রাহক মডেল জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিচ্ছে বলে তিনি জানান।

ড. তিতুমীর বলেন, সরকার ৪,০০০ মেগাওয়াট (৪ গিগাওয়াট) সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। এ পরিকল্পনার আওতায় সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের ‘উৎপাদকে’ রূপান্তরিত করার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, সৌরবিদ্যুৎ উৎপাদনের খরচ প্রতি ইউনিট ৮ টাকা এবং এর সাথে ২০ শতাংশ মুনাফা ও প্রিমিয়াম যোগ করে উৎপাদকের কাছ থেকে প্রায় ৯.৫০ টাকা হারে বিদ্যুৎ কেনা হবে।

আরও পড়ুন <<>> সচল কারখানা টিকিয়ে রাখার আহবান এফবিসিসিআইয়ের

শুল্ক ছাড় ও বিনিয়োগ উৎসাহিতকরণ নবায়নযোগ্য জ্বালানি খাতকে জনপ্রিয় করতে সরকার অর্থ আইনে বিশেষ সুবিধা যুক্ত করেছে।

ড. তিতুমীর জানান, সৌরবিদ্যুতের ব্যাটারি ও আনুষঙ্গিক সরঞ্জামের ওপর থেকে মূল্য সংযোজন কর (ভ‌্যাট) এবং আগাম আয়কর (এআইটি) প্রত্যাহার বা হ্রাস করা হয়েছে। এটি বিনিয়োগকারীদের এ খাতে উৎসাহিত করবে।

জবাবদিহিতা ও অর্থনৈতিক পুনরুদ্ধার বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, হাতিরঝিলে নিয়ন বাতি জ্বালিয়ে জ্বালানি নিরাপত্তার যে কৃত্রিম ছবি দেখানো হয়েছিল, তা ছিল অন্তঃসারশূন্য। বর্তমান গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করছে।

তিনি তথ্য দেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির হার ২ শতাংশ থাকলেও বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর তা ১১ থেকে ১২ শতাংশে উন্নীত হয়েছে। 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সঠিক পরিকল্পনা ও জবাবদিহিতার মাধ্যমে বর্তমান সরকার জ্বালানি সংকট কাটিয়ে একটি স্থিতিশীল অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সেমিনারে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. ফাহমিদা খাতুন, এফবি‌সি‌সিআই প্রশাসক মো. ফজলুল হক এবং জাতীয় অধ্যাপক অর্থনী‌তি‌বিদ ড. মাহবুব উল্লাহ।

আপন দেশ/মিম/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়