ছবি : সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহে পৃথক বিদ্যুৎস্পর্শের ঘটনায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক নারী।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাতে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদসংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেওয়ানগঞ্জে নিহতরা হলেন—উপজেলা পরিষদসংলগ্ন পুরাতন রেললাইন এলাকার আব্দুর রশিদের ছেলে রাজু (১৪) ও স্ত্রী লাকী আক্তার (৪০)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। পরে রাজু নিজেই সেটি মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হন। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তার মা লাকী আক্তারও বিদ্যুতায়িত হন।
এ সময় পুত্রবধূ ও নাতিকে বাঁচাতে এগিয়ে আসেন দাদি বুলি বেগম। তিনিও বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। সংকটাপন্ন অবস্থায় বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পর্শের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
আরও পড়ুন : পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণমন্ত্রী
অন্যদিকে, মঙ্গলবার বিকেলে জেলার মেলান্দহে বিদ্যুৎস্পর্শে জুনায়েদ ইসলাম তায়েফ (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, বিকেলে কোনামালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসার টিনের চালে উঠলে বিদ্যুৎস্পর্শ হন জুনায়েদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জুনায়েদ মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী এলাকার সোলাইমান হোসেনের ছেলে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































