ছবি: আপন দেশ
এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে ওঠা মিথ্যা অপপ্রচার ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া।
বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, গত কয়েকদিন আগে উপজেলার টায়াগছ এলাকায় একটি শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। ওই ন্যাক্কারজনক ঘটনাকে পুঁজি করে একটি কুচক্রী মহল মঙ্গলবার (২৯ আগস্ট) এক মানববন্ধনে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন<<>>বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, ২ শিক্ষক বরখাস্ত
তিনি তার বক্তব্যে স্পষ্ট করেন যে, ঘটনার সময় তার ছেলে অসুস্থ থাকায় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। সুলতানা রাজিয়া বলেন, ভুক্তভোগী শিশুটির বাবা আমাকে মুঠোফোনে বিষয়টি জানালে আমি তাকে দ্রুত শিশুকে হাসপাতালে ভর্তি এবং থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেই। পরবর্তীতে আমি ওসির মাধ্যমে জানতে পারি, ভুক্তভোগীর বাবা নিজেরাই অভিযুক্ত পক্ষের সঙ্গে সমঝোতা করে একটি আপোষনামা থানায় জমা দিয়েছেন।
অথচ একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক প্রতিহিংসাবশত এ ঘটনায় আমার নাম জড়িয়ে মিথ্যা ও বানোয়াট গুজব ছড়াচ্ছে।
সাবেক এ মহিলা ভাইস চেয়ারম্যান আরও দাবি করেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এ ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ অপপ্রচারের নেপথ্যে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান, ইউনিয়ন বিএনপি নেতা মতিকুল ইসলাম, আবু তাহের ও সাইদুর রহমান সরকার প্রমুখ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































