ছবি: আপন দেশ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গি গ্রামের শত বছরের পুরোনো সরকারি খাল দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (০২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পুরোনো খালটি দখল করে ভরাটের অভিযোগ ওঠে স্থানীয় সায়েদ মোল্লার বিরুদ্ধে। প্রশাসনের অভিযানের খবর পেয়ে তিনি বাড়ি থেকে চলে যান। পরে তার সঙ্গে ফোনে যোগাযোগ করে ঘটনাস্থলে উপস্থিত করার চেষ্টা করা হলেও তিনি সেখানে আসেননি।
অভিযানকালে খাল দখলে ব্যবহৃত ভরাট বালু, পাইলিংয়ের বাঁশ, সিমেন্টের রিং পাইপসহ বিভিন্ন মালামাল পাওয়া যায়। স্থানীয়দের উপস্থিতিতে এসব মালামাল স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা দিপু খান ১০ হাজার টাকা নগদে মালামালগুলো কিনে নেন। তিনি পাঁচ দিনের মধ্যে সব মালামাল সরিয়ে নিয়ে খালটি অবমুক্ত করার কথা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।
আরও পড়ুন<<>>অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন
অভিযান শেষে ব্রিফিংয়ে ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, খাল দখলের অভিযোগ পাওয়ার পর সায়েদ মোল্লাকে সতর্ক করা হয়েছিল। পাশাপাশি ভরাট করা বালু নিজ দায়িত্বে সরিয়ে নিয়ে খালটি আগের অবস্থায় ফিরিয়ে দেয়ার জন্য চার দিনের সময় দেয়া হয়। কিন্তু প্রায় ১৫ দিন অতিবাহিত হলেও তিনি কোনো মালামাল সরিয়ে নেননি। বরং আরও বালু ফেলে খালটির দখল নেয়ার চেষ্টা করেন।
তিনি আরও বলেন, প্রশাসনের নির্দেশনা অমান্য করে খাল ভরাট অব্যাহত রাখায় মোবাইল কোর্ট পরিচালনা করে দখলে ব্যবহৃত মালামাল স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। সরকারি খাল ও সম্পত্তি দখল করে রাখার কোনো সুযোগ নেই বলেও তিনি জানান।
এদিকে শত বছরের পুরোনো খালটি দখলমুক্ত করার উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। খালটি উদ্ধারে উপজেলা প্রশাসনের ভূমিকার প্রশংসা করে তারা প্রশাসনকে ধন্যবাদ জানান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































