ছবি: আপন দেশ
গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
সোমবার (১০ আগস্ট) বিকেল ৪টায় শ্রীপুরের অতিথি বাড়ি রেস্টুরেন্টে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গাজীপুর জেলা শাখার উদ্যোগে এ যোগদান কর্মসূচির আয়োজন করা হয়।
যোগদানকৃত শিক্ষার্থীরা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কাপাসিয়া ডিগ্রি কলেজ, ধলাদিয়া ডিগ্রি কলেজ এবং গাজীপুর মেট্রোপলিটন কলেজের শিক্ষার্থী।
অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় নবীন সদস্যরা শিক্ষার্থীবান্ধব এ সংগঠনের লক্ষ্য ও আদর্শ বুকে ধারণ করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং দেশগঠনে কাজ করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান।
নতুনদের সংগঠনে স্বাগত জানিয়ে তিনি বলেন, ছাত্রসমাজের অধিকার আদায় এবং দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি ও লেজুড়বৃত্তিমুক্ত ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায় আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাব। শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও সংঘাতের কোনো স্থান নেই; নিরাপদ, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আরও পড়ুন<<>>নির্বাচন পদ্ধতি সংস্কার না করলে সহিংসতা বাড়বে: এবি পার্টি
গণঅধিকার পরিষদ গাজীপুর জেলার সাবেক সভাপতি মো. সোলাইমানের সভাপতিত্বে এবং মো. সাব্বির খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় দফতর সম্পাদক মোহাম্মদ আলী তোহা, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ বিপু, কেন্দ্রীয় অর্থ সম্পাদক তারেক আজাদ।
সংগঠনের জেলা ও কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, শতাধিক নতুন নেতাকর্মীর এ যোগদানের মাধ্যমে শ্রীপুর অঞ্চলে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় ও গতিশীল হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































