এ এম এম নাসির উদ্দিন ও কায়সার কামাল। ছবি: ফাইল
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ কমিশনারেরা।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দফতরে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানানো হয়েছে।
নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সে মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সিইসি ও অন্য কমিশনারেরা সৌজন্য সাক্ষাত করবেন।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে রোববার (২৬ জুলাই) সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ সচিব বৈঠক করেন।
আরও পড়ুন <<>> ঢামেক চত্বরে ২ নারীর মরদেহ উদ্ধার
সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের আইন নিয়ে পর্যালোচনা করা হয়। এরপর সিদ্ধান্ত নেয়া হয়, তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে বৈঠক করা হবে।
নিয়ম অনুযায়ী, এমপিদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এজন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা এমপিদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে।
এর ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি ও কমিশনারদের বৈঠকে এসব বিষয় আলোচনা হবে বলে ইসি সূত্র জানিয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































