Apan Desh | আপন দেশ

রয়টার্সকে তারেক রহমান

‘বিএনপি একক শক্তিতেই সরকার গঠনের মতো অবস্থানে রয়েছে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৮:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৮:৫৮, ৭ ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপি একক শক্তিতেই সরকার গঠনের মতো অবস্থানে রয়েছে’

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নির্বাচনের পর জামায়াতের সঙ্গে ঐকমত্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি একক শক্তিতেই সরকার গঠনের মতো অবস্থানে রয়েছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) নিজের দলীয় কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে প্রয়োজনীয় আসন পাওয়া সম্ভব হবে বলে তিনি আত্মবিশ্বাসী। সাক্ষাৎকারে তিনি নির্বাচন, আন্তর্জাতিক সম্পর্ক, তরুণ ভোটার ও রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে কথা বলেন।

সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামীর নাম সামনে আসলেও দলটির সঙ্গে সরকার গঠনের প্রশ্নে তারেক রহমান ভিন্ন সুরে কথা বলেন। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে একসঙ্গে সরকার গঠন হলে তখন বিরোধীদল হিসেবে কারা থাকবে—সে বিষয়টি স্পষ্ট নয়। তার ভাষায়, জামায়াত যদি বিরোধীদলে থাকে, তাহলে তারা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে—এমনটাই প্রত্যাশা।

এবারের নির্বাচনে জামায়াতকে বিএনপির অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। একসময় নিষিদ্ধ থাকা দলটি বর্তমানে আবার সক্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে নেমেছে। অতীতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকার পরিচালনা করলেও এবারের বাস্তবতা ভিন্ন বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। এরই মধ্যে জামায়াত একটি ‘ঐক্য সরকার’ গঠনের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ এখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ভারত সরকারের এ সিদ্ধান্তে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে ঢাকার একটি আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়ার রায় দিয়েছে।

আরও পড়ুন<<>>নারীর ক্ষমতায়ন-স্বাধীনতার প্রতিশ্রুতি বিএনপির

নির্বাচনী প্রস্তুতির বিষয়ে তারেক রহমান জানান, সংসদের ৩০০টি আসনের মধ্যে বিএনপি ২৯২টিতে প্রার্থী দিয়েছে। বাকি আসনগুলোতে দলের মিত্ররা প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্দিষ্ট আসনসংখ্যা উল্লেখ না করলেও তার দাবি, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাওয়ার বিষয়ে দলটি আশাবাদী।

সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপেও বিএনপির জয়ের পূর্বাভাস দেখা গেছে। তবে একই সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন একটি জোটের শক্ত অবস্থানের কথাও উঠে এসেছে। এ জোটে ‘জেনজি’ প্রজন্মের একটি অংশ যুক্ত হয়েছে, যারা তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা শেখ হাসিনাবিরোধী আন্দোলন থেকে উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশ কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়বে—এমন ধারণা সঠিক নয়। তার মতে, প্রায় ১৭ কোটি ৫০ লাখ মানুষের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে সক্ষম এমন অংশীদারই বাংলাদেশের প্রয়োজন। তিনি বলেন, সরকারে গেলে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা সম্প্রসারণ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করাই হবে অগ্রাধিকার। সে ক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই বন্ধুত্ব গড়ে তোলা হবে।

শেখ হাসিনার সন্তানদের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, রাজনীতি করার অধিকার সবারই রয়েছে। জনগণ যদি কাউকে গ্রহণ করে এবং স্বাগত জানায়, তাহলে দেশে ফিরে রাজনীতিতে অংশ নেয়ার পথ উন্মুক্ত থাকবে।

নিজেদের নানা সমস্যা নিয়েও মিয়ানমারের প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার গত বছর বলেছিল, এ শরণার্থীদের অনির্দিষ্টকাল সহায়তা দিয়ে যাওয়ার সক্ষমতা বাংলাদেশের নেই। তাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তাও চেয়ে আসছে বাংলাদেশ।

তারেক রহমানও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন, তবে অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করে। বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা চেষ্টা করব, যেন তারা নিজেদের দেশে ফিরে যেতে পারে। তবে সেখানে তাদের ফেরার মত নিরাপদ পরিস্থিতি থাকতে হবে। যতদিন না নিরাপদ হয়, ততদিন তারা এখানে থাকতে পারে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়