ফাইল ছবি
আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটপ্রদান সহজ করতে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে নিজেদের ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পদ্ধতি–১: ‘Smart Election Management BD’ অ্যাপ
ভোটাররা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। ইনস্টল শেষে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রদান করলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।
পদ্ধতি–২: হটলাইন ১০৫
ভোটাররা হটলাইন নম্বর ১০৫-এ কল করে অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে পারবেন। এ ক্ষেত্রে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ জানাতে হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু থাকবে।
আরও পড়ুন <<>> মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ: প্রাণিসম্পদ উপদেষ্টা
পদ্ধতি–৩: এসএমএসের মাধ্যমে
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC <স্পেস> এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানানো হবে।
পদ্ধতি–৪: নির্বাচন কমিশনের ওয়েবসাইট
যেকোনো ব্রাউজার থেকে ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করে তথ্য জানা যাবে। সেখানে নির্বাচনী এলাকা ও উপজেলা বা থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা যাবে। পাশাপাশি এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে নির্দিষ্ট ভোটারের ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য পাওয়া যাবে। ভোটকেন্দ্রের অবস্থান গুগল ম্যাপে দেখার সুবিধাও রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































