Apan Desh | আপন দেশ

ফের উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১১:১২, ৫ ফেব্রুয়ারি ২০২৬

ফের উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতিম্যেধই রাজশাহী ও রংপুর সফর করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিন দিনব্যাপী সে সফরে নাটোর, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন তিনি। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি জেলায় যাওয়া হয়নি তার। এবার সেখানে যাচ্ছেন বিএনপির এ শীর্ষ নেতা।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের ৩ জেলা—দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী—সফর করবেন তারেক রহমান। নির্বাচনী প্রচারণা জোরদারের অংশ হিসেবে সেখানে যাচ্ছেন তিনি। ইতিমধ্যেই সেসব জেলাগুলোতে বিএনপির চেয়ারম্যানের সফর নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে দলের মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সাংবাদিকদের তিনি বলেন, এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি সফর সড়ক পথে নয়, তিনি হেলিকপ্টার যোগে দিনাজপুরসহ রংপুর বিভাগের ৩টি জেলায় নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন। তবে ৭ ফেব্রুয়ারি দিন নির্ধারিত হলেও এখনো সময় ঠিক হয়নি। এটা নির্ভর করবে নিরাপত্তা, আবহাওয়া ও তার নির্বাচনী সফরসূচি নির্ধারকদের ওপর।

ডা. জাহিদ হোসেন জানান, সফরকালে ৩টি জেলাতেই বিএনপির মনোনীত প্রার্থীদের পক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান। এ বিষয়ে তিনি বলেন, এদিন তারেক রহমান দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় দলের মনোনীত প্রার্থীদের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

আরও পড়ুন<<>>১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে: জামায়াত আমীর

দিনাজপুরে জনসভা সফল করতে দলীয় প্রস্তুতির কথাও তুলে ধরেন বিএনপির এ নেতা। তিনি বলেন, দিনাজপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করতে জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছি। সে সঙ্গে আমরা প্রস্তুতি কার্যক্রম শুরু করে দিয়েছি।

সফরসূচির অংশ হিসেবে পারিবারিক কর্মসূচিও রয়েছে বলে জানান ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, ওই দিন তারেক রহমানের প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করার কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, এ সফরের মাধ্যমে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি আসবে। ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে দলের মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের পক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়