ছবি: আপন দেশ
প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রফতানিমুখী শিল্পে রূপ দেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে এ কথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি পণ্য এবং চামড়াজাত পণ্য রফতানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম (হ্যাচিং এগ) রফতানি করেছে।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি প্রাণিসম্পদ খাত। দুধ, মাংস ও ডিমের মতো প্রাণিজ আমিষের জোগান দেয়ার পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে এ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব।
তিনি বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে প্রাণিসম্পদ খাতে দেশ আরও স্বনির্ভর হয়ে উঠবে। একই সঙ্গে স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রফতানি সম্প্রসারণের সুযোগ রয়েছে।
দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্য রফতানিকে সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে যথাযথ নিয়ম মেনে আরও অনেক অপ্রচলিত পণ্য রফতানির সুযোগ রয়েছে।
আরও পড়ুন <> দুদকের অদ্ভুত অনুসন্ধান, কাঠগড়ায় তদন্ত সহযোগী প্রশাসক!
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিয়েছে। কারণ এ খাত এখন আর কেবল গ্রামীণ জনজীবনে গবাদিপশু পালনের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি নিরাপদ ও রফতানিমুখী শিল্পে রূপ নিচ্ছে।
তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির সচলতা এবং মানুষের প্রোটিনের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা অত্যন্ত বিস্তৃত।
আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ পালিত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এবারের প্রতিপাদ্য ‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি এ আয়োজনের সঙ্গে যুক্ত খামারি, উদ্যোক্তা, গবেষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’-এর সার্বিক সাফল্য কামনা করেন।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































