ছবি: আপন দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে নিহত আবরার ফাহাদের পরিবার।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে নির্যাতনে নিহত আবরার ফাহাদের পরিবারের সদস্যরা।
আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ চেয়েছিলাম, সেটি পেয়েছি। ৭ বছর হয়ে গেছে, এখনও আপিল বিভাগে মামলাটি বিচারাধীন অবস্থায় পড়ে আছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আইনের মধ্যে থেকে যত দ্রুত রায় বাস্তবায়ন করা যায় সে কথা বলেছি প্রধানমন্ত্রীকে। এ বিষয়ে চেষ্টা করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন<<>>দুর্নীতি বন্ধ করে জনকল্যাণে কাজ করছে সরকার: মঈন খান
আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ বলেন, আমাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী। গত ১৭ বছরে যারা গুম, খুন, এমন হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের ঘটনা লিপিবদ্ধ করা ও তালিকা করার আহবান জানিয়েছি প্রধানমন্ত্রীকে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এরকম তালিকা তৈরির কাজ চলছে বলে অবহিত করেছেন প্রধানমন্ত্রী। আবরার ফাহাদের মতো মৃত্যু যেন আর না ঘটে সে আহবানও জানিয়েছি প্রধানমন্ত্রীকে।
২০২১ সালের ০৮ ডিসেম্বর আবরার হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পরে ২০২৫ সালের ১৬ মার্চ নিম্ন আদালতের পুরো রায় বহাল রাখেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যান সাজাপ্রাপ্তদের পরিবার। এখন চূড়ান্ত শুনানির অপেক্ষা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































