Apan Desh | আপন দেশ

দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৩, ২১ সেপ্টেম্বর ২০২৬

দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে বাংলাদেশের স্বার্থ রক্ষার কূটনৈতিক উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেছেন, স্বল্পতম বহর নিয়ে সংক্ষিপ্ত এ সফরে একের পর এক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন মাহদী আমিন।

মাহদী আমিন লেখেন, যুক্তরাষ্ট্রে যেতে এক দিন এবং ফিরতে এক দিন লাগবে। এর মাঝের চার দিনে প্রধানমন্ত্রী একের পর এক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক, জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সব মিলিয়ে সফরটি ছয় দিনের।

তিনি লেখেন, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সফরসঙ্গী ৩৫ জন। এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী রয়েছেন ১৫ জন। নিরাপত্তা, গণমাধ্যম ও ব্যক্তিগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় ব্যক্তিরাও সফরসঙ্গী হিসেবে থাকছেন।

তার ভাষায়, এটি আড়ম্বর অনুষ্ঠান নয়; মানুষের জন্য কাজ। ক্ষমতা প্রদর্শন নয়; বাংলাদেশের স্বার্থ রক্ষা।

প্রধানমন্ত্রীর এ সফরকে বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করে মাহদী আমিন লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের সন্তান এবং জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের মানুষের কথা তুলে ধরবেন।

আরও পড়ুন <<>> জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী

তিনি আরও লেখেন, একই জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন, যা সফরের আরেকটি অনন্য দিক।

মাহদী আমিন লেখেন, দীর্ঘদিনের আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। বিপুল ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী দেশের মানুষের কণ্ঠ বিশ্বদরবারে তুলে ধরতে যাচ্ছেন।

এ সফরকে শুধু একটি বিদেশ সফর হিসেবে না দেখে জনগণের আকাঙ্ক্ষার আন্তর্জাতিক প্রতিনিধিত্ব হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও ভবিষ্যৎ নিয়ে বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন। পথে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে তার নিউ ইয়র্কে যাওয়ার কথা রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়