Apan Desh | আপন দেশ

সহজ হচ্ছে ভিসা প্রক্রিয়ার নতুন নীতিমালা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:৫০, ২ জুলাই ২০২৬

আপডেট: ২০:০৭, ২ জুলাই ২০২৬

সহজ হচ্ছে ভিসা প্রক্রিয়ার নতুন নীতিমালা

ছবি: আপন দেশ

দেশে-বিদেশে বিনিয়োগ উৎসাহিত করতে ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হবে। এ লক্ষ্যে ‘ভিসা নীতি-২০২৬’ অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (০২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নীতিমালার অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নীতিমালাটি আরও সমৃদ্ধ ও কার্যকর করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে হিসেব ছিল পারস্পরিক ভিত্তিতে। তোমার লোক এলে আমি এতটুকু ভিসা দেব, এতদিন ভিসা দেব- এ শর্তে। আমরাও তাই করতাম। ওরা যা দেবে আমরাও তাই করব। 

কিন্তু আন্তর্জাতিক পরিমন্ডলে দেখা যাচ্ছে যে, আমাদের কিছু জায়গায় তো দরকার বেশি। সেখানে তার একজন ব্যবসায়ী যদি আসে আমার জন্য সুবিধা। সে এ দেশে ইনভেস্ট করতে পারবে। তো এ নিরীখে এ বোধটা আমাদের হয়েছে। সে কারণে সরকার চাচ্ছে দেশে একটা ইকোনমিক থ্রাস্ট হোক। 

আরও পড়ুন<<>>চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস

তিনি বলেন, ভিসা পলিসিটা সহজ করা। যা মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু শেষে অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটা মন্ত্রিসভা কমিটি করা হয়েছে। এর ভেতরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, সিকিউরিটি ইস্যুগুলো দেখবে, পর্যটন মন্ত্রণালয় রয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে। যাতে তাদের যদি আরও কোনো ইন্টারেস্ট থাকে যেটা এ পলিসিটাকে সমৃদ্ধ করবে, সেটুকু করে এটা চূড়ান্ত করা হবে।

নীতিমালা সহজ করার কারণ জানিয়ে তিনি বলেন, নতুন নীতিমালার মাধ্যমে ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে যাতে বিদেশিরা দ্রুত আসতে পারে। কারণ আমাদের দেশের পুঁজি কম। বাইরে থেকে যতো ইনভেস্ট হবে তত ভালো। অন্য জায়গার সারপ্লাসগুলো আমরা টানার চেষ্টা করছি।

নতুন নীতিমালায় ভিসার ৩৪ ক্যাটাগরি করা হয়েছে জানান নাসিমুল গনি।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান আরও সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাত উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং পারস্পরিকতার ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা জোরদার করার উপর জোর দেয়া হচ্ছে। এ লক্ষ্যে ২০০৬ সালের ভিসা নীতিমালা সংশোধন করে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এর খসড়া পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা-কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়