Apan Desh | আপন দেশ

আজ মাধ্যমিক স্কুল পর্যায়ে বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:০৬, ২৯ জুন ২০২৬

আপডেট: ০৯:০৮, ২৯ জুন ২০২৬

আজ মাধ্যমিক স্কুল পর্যায়ে বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

দেশে মাধ্যমিক স্কুল পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে সরকার। তারই অংশ হিসেবে সোমবার (২৯) বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচি উদ্বোধন করবেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসাবে মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি স্কুলগুলোকে এ কর্মসূচি পালন করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা এবং প্রতিজন শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক পর্যায়ের মোট ২৯ হাজার ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচি শুরু হবে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮ হাজার ৯০৭ বিদ্যালয়, ১ হাজার ৪৪৬ স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮ মাদ্রাসা রয়েছে।

আরও পড়ুন<<>>সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী

এ কর্মসূচি সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে বলে রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়। মন্ত্রণালয় জানায়, এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিবছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে বিশেষ জলবায়ু সচেতনতা অনুদান প্রদান করা হচ্ছে। এ বছর কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১টি ফলদ বৃক্ষ, ১টি বনজ বৃক্ষ ও ১টি ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে সরাসরি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement